ইবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল © টিডিসি
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং তাদের গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
রবিবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শিবিরের নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ওলি ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই’, ‘মুকাদ্দাস ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ওলি ভাইয়ের সন্ধান চাই, দিতে হবে দিতে হবে’, ‘আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রায় ১,৯০০টি গুমের অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ১,৫৫৯টি সত্য প্রমাণিত হয়েছে। এখনো ২৫১ জনের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবারের উৎকণ্ঠা ও অপেক্ষা অব্যাহত রয়েছে।
অবিলম্বে তাদের সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়ে ইউসুফ আলী বলেন, তারা জীবিত না থাকলে অন্তত তাদের কবরের সন্ধান পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, তাদের গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক-কর্মকর্তা এখনো দায়িত্ব পালন করছেন এবং তৎকালীন ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিরাও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তদন্ত কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির অগ্রগতি ও স্পষ্ট প্রতিবেদন প্রকাশের দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রশাসন অতীতের ব্যর্থতা কাটিয়ে ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।