এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফেরাল ছাত্রদল 

১১ আগস্ট ২০২৬, ০১:১৭ AM
অব্যাহতি পাওয়া আব্দুর রহিম ভূঁইয়া

অব্যাহতি পাওয়া আব্দুর রহিম ভূঁইয়া © সংগৃহীত

এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে আবারও পদে ফিরিয়েছে ছাত্রদল। তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তার ওপর আর কোনো বিধিনিষেধ থাকছে না।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাঁর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত ৩০ মে শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর বহর জিয়া উদ্যান ত্যাগ করার সময় তার প্রটোকল ও নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। দলের অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর পরই, ৩০ মে শনিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদন ছিল।

আব্দুর রহিম ভূঁইয়াকে অব্যাহতি দেওয়ার পর শূন্য হওয়া পদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রফিকুল ইসলাম রফিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে প্রায় আড়াই মাস পর আব্দুর রহিম ভূঁইয়ার অব্যাহতি প্রত্যাহার করে তাকে আবারও সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানাল ছাত্রদল।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬