ইনকিলাব মঞ্চের লোগো © টিডিসি সম্পাদিত
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাবিপ্রবি শাখার ইনকিলাব মঞ্চ এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির এই সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ধারাবাহিক সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন ন্যায্য দাবিতে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, নির্বাচিত জকসু প্রতিনিধি, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, বামপন্থী ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের পর আবারও ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীর ওপর হামলার সংবাদ প্রকাশিত হয়েছে। একই সময়ে সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও সংঘর্ষ ও সহিংসতার ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। জুলাইয়ের চেতনা ছিল ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার; কিন্তু সেই চেতনার বর্ষপূর্তিতেই শিক্ষার্থীদের ওপর হামলার এই ধারাবাহিকতা অত্যন্ত উদ্বেগজনক।
সংগঠনটি বিবৃতিতে আরও বলে, ‘মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার এবং গণতান্ত্রিক সহাবস্থান কোনো ব্যক্তি বা সংগঠনের শক্তি প্রদর্শনের মাধ্যমে দমিয়ে রাখা যায় না এবং তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্যও নয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সাম্প্রতিক হামলার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই।’
বিবৃতিতে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে শিক্ষা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করুন। জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন শিক্ষাঙ্গনে ভিন্নমতকে দমন নয়, বরং সংলাপ, সহনশীলতা, আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।’
বিবৃতিতে ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ন্যায়বিচার, শিক্ষার্থীদের অধিকার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকবে বলে জানায়।