ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি
© টিডিসি ফটো
বেতন কাঠামো ও চাকরির বয়সসীমা পুনঃনির্ধারণসহ তিন দফা দাবিতে ফের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নেতাকর্মীরা। একইসাথে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী বুধবার (৬ মার্চ) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা। কর্মবিরতি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোর্শেদুল আলমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে কর্মকর্তারা বক্তব্য দেন।
এসময় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতির পালন করবে কর্মকর্তা সমিতি।’ এরপরও দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তিনি।
প্রসঙ্গত, পূর্বের ন্যায় ক্যাম্পাসের কর্মঘন্টা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ, বেতন বৈষম্য দূরীকরণ ও চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।