মার্চ ফর ইউনিটির পোস্টার নিয়ে প্রশ্ন বিএনপি নেতা এ্যানির

০১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি নামে কেন সমাবেশ করতে হলো, এ প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একইসঙ্গে এই অনুষ্ঠানের পোস্টার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি বলেন, ইউনিটির (ঐক্য) নামে এ ধরনের সমাবেশ, বক্তব্য, ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক নয় কি?

আজ বুধবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় শহীদ উদ্দীন চৌধুরী এ প্রশ্ন তোলেন।

এ্যানি বলেন, ‘মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ করেছি, তাদের মুখ থেকে কী ধরনের বাক্য এসেছে, কী ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ (শারীরিক ভাষা) কী ছিল। আমাদের প্রশ্ন, কী কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়?’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায়। তাতে কোনটিতে ‘ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা’, ‘কাদের +মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই’, ‘চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা’ ইত্যাদি উল্লেখ ছিল। তিনি বলেন, ‘সেই মিটিংয়ে কেন এ ধরনের বক্তব্য, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে?’

শহীদ উদ্দীন চৌধুরী আরও বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই। বিগত সরকারের সব গুম, খুন, অন্যায়–অত্যাচারের বিচার চাই। আমরা সবার আগে শেখ হাসিনা ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিচার চাই।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
‘সড়ক দুর্ঘটনায়’ মৃত্যু, ধর্ষণ ও হত্যা মামলা দিয়ে বন্ধুকে হয়…
  • ১১ জুন ২০২৬
দেশে ফের ভূমিকম্প
  • ১১ জুন ২০২৬
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টাধাওয়া, ককটেল বিস্ফ…
  • ১১ জুন ২০২৬
সীমান্তে পুশ-ইন ঠেকাতে রাত জেগে বিজিবি-গ্রামবাসীর যৌথ পাহারা
  • ১১ জুন ২০২৬
কারিগরি শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়
  • ১১ জুন ২০২৬
×