অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই সিরিজে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন সৌম্য সরকার। ইনিংসের চতুর্থ ওভারে জশ হেইজলউডকে পুল করতে যেয়ে টাইমিংয়ে গন্ডগোল করে ফেলেন তিনি। ১০ বলে আট রান করে ওভারের তৃতীয় বলে আউট হন সৌম্য। বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৩৯।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না এ ওপেনার। আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হন সৌম্য।
সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ খেলায় উইনিং কম্বিনেশন ভাঙেনি।
অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন। তৃতীয় ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্রতে খেলছেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।
সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।
শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ।