ছাত্রলীগ নেতাদের টাকা দিয়েও এইচএসসি’তে বসতে পারলো না শিক্ষার্থীরা

০১ এপ্রিল ২০১৯, ১১:০১ PM

© টিডিসি ফটো

এ্রইচএসসি পরীক্ষার টেস্টে ফেল করায় ছাত্রলীগ নেতাদের কাছে ফরম পূরণের টাকা দিয়েছিল মাগুরা আদর্শ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী। কিন্তু ছাত্রলীগের দুই নেতা ফরম পূরণ না করে টাকা নিয়ে উধাও হয়েছেন। ফলে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পেরে এখন বিপাকে পড়েছেন। বিষয়টি জানাজানি হলে কলেজের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় মাগুরা আদর্শ কলেজের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে অংশ নিয়েছে মোট ৩৩৯ জন শিক্ষার্থী। এদিকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় পরীক্ষায় বসতে পারেনি আরও শতাধিক শিক্ষার্থী। অভিযোগ পাওয়া যায়, অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী ফরম পূরণের জন্য কলেজের ছাত্রলীগ নেতাদের কাছে টাকা দিয়েছিল।

রবিবার কলেজটির এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়। অন্য সবার সঙ্গে প্রবেশপত্র নিতে আসেন মানবিক বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন। তার বন্ধুদের প্রবেশপত্র আসলেও রিয়াজের প্রবেশপত্র আসেনি। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলছে, তার ফরমই পূরণ করা হয়নি, প্রবেশপত্র আসবে কিভাবে? কিন্তু রিয়াজ কলেজ ছাত্রলীগ নেতাদের কাছে তার ফরম পূরণের জন্য টাকা দিয়েছিলেন বিধায় প্রবেশপত্র নিতে কলেজে এসেছিলেন।

রিয়াজ গণমাধ্যমকে জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা আমাদের দুই বন্ধুর নিকট থেকে ১৬ হাজার ৬০০ টাকা নিয়েছে। সে আমাদের ফরম পূরণ করে দিবে বলে টাকা নিয়েছিল। দুদিন হলো ওই নেতা টেলিফোনও ধরছে না। এছাড়াও রিয়াজ অভিযোগ করেন যে, তার মতো আরও ৩০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন ওই ছাত্রলীগ নেতা।

একই অভিযোগ করেন কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইমন হোসেন শান্ত। শান্ত বলেন, পরীক্ষার ফরম পূরণের কথা বলে কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হুদা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন হোসেন আমার কাছ থেকে দুই দফায় ৮ হাজার ৩০০ টাকা নিয়েছেন।

কলেজের নির্ধারিত ফি যেখানে ২ হাজার ৫০০ টাকা, আর ছাত্রলীগ নেতার কাছেই–বা ফরম পূরণের টাকা দিলেন কেন— এমন প্রশ্নের জবাবে ইমন হোসেন বলে, এবার টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। প্রতিবছর কিছু টাকা বেশি নিয়ে এমন অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করিয়ে দেন নেতারা। ছাত্রলীগ নেতারা আশ্বাস দিয়েছিলেন, এবারও তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করিয়ে দেবেন। তাই তাদের কাছে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এভাবে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে অর্ধশতাধিক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানিয়েছেন ইমন হোসেন।

অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস বলেন, বিষয়টি রবিবারই আমাদের নজরে আসে। ঠিক কতজন শিক্ষার্থী ছাত্রলীগ নেতাদের কাছে টাকা দিয়েছে, তা আমরা নিশ্চিত নই। তবে টেস্ট পরীক্ষায় কৃতকার্য হওয়া পাঁচ শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে জটিলতা দেখা দেয়। পরে জরুরি ভিত্তিতে রবিবার বোর্ডে লোক পাঠানো হয়। সোমবার প্রবেশপত্র পেয়ে তারা পরীক্ষায় বসেছে। তিনি আরও বলেন, বারবার বিভিন্ন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে, অফিস বাদে যেন কারও সঙ্গে কোনো লেনদেন না করা হয়। এরপরও কেউ যদি ছাত্রলীগ বা অন্য কারও কাছে টাকা দেয়, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কিছু করার নেই।

এই ঘটনার খবর জানাজানি হওয়ার পর রবিবার রাতেই আদর্শ কলেজের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

অভিযুক্ত এই দুই ছাত্রলীগ নেতার মোবাইলে ফোন দিয়েও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬