কুমিল্লা শিক্ষাবোর্ড। © টিডিসি ফটো
এসএসসির ফলাফল পরিবর্তন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ বোর্ডের অধিভুক্ত ছয় জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট চিঠি প্রেরণ করেছেন। এছাড়াও এ ধরণের প্রতারণা ঠেকাতে বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডারসহ আইনপ্রয়োগকারী সংস্থার নিকট লিখিতভাবে অভিযোগ করেছে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর (০১৮২৮-৬২৮৫৩৬, ০১৭৫৪-৪৫২৮২৭, ০১৬১৪-৭২৩৩৮৮) ব্যবহার করে বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তা পরিচয় দিয়ে এসএসসির ফলাফল পরিবর্তন করে দেওয়ার কথা বলে বিকাশ ও বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের প্রস্তাব দিচ্ছে। এ বিষয়ের সাথে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকা, প্রয়োজনে নিকটবর্তী থানা পুলিশের সহযোগিতা নেয়ার জন্য অনুরোধ করা হলো।’
শুক্রবার বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘গত বছরের শেষের দিকেও ওই চক্রটির এ ধরণের কর্মকান্ডের বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। এ বছরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে একই ধরণের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে চিঠি দেয়া হয়েছে এবং বিষয়টি পুলিশ সুপার ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে জানানো হয়েছে।’