মাধ্যমিকে থাকছে না অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা

১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© ফাইল ছবি

মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন হবে। বছরের মাঝামাঝিতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়। আর শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

প্রজ্ঞাপনে দেয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৪ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। মূল্যায়ন ২৩ মে থেকে শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত।

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সূচি অনুযায়ী, ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না।

বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন প্রণয়ন করবেন শিক্ষকরা। অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

অন্যদিকে ২০২৪ সালে প্রাথমিকেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান হবে। এ তিন শ্রেণিতেও কোনো পরীক্ষা থাকবে না। শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৫ সাল থেকে চতুর্থ-পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালু হবে। ফলে ওই বছর থেকেই স্কুলে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close