শিক্ষককে চড়-থাপ্পড় মারার ঘটনায় মামলা, শাস্তির দাবিতে বিক্ষোভ

০৯ অক্টোবর ২০২৩, ০৬:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
বিক্ষোভ কর্মসূচি

বিক্ষোভ কর্মসূচি © সংগৃহীত

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার খাতাকে কেন্দ্র করে শিক্ষককে ছাত্রের চড়-থাপ্পড় মারার ঘটনায় শাস্তির দাবি জানিয়ে ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও এ ঘটনার দিন রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান। 

আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরের দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে মানববন্ধন করেন। 

আরও পড়ুন: লাগামহীন চবি ছাত্রলীগ—এক মাসে ৯ বার সংঘর্ষ

মানববন্ধনে সহকারী শিক্ষক সাজিদ রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরাই দাবি জানিয়েছে, এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা আর যেন চুয়াডাঙ্গায় না ঘটে। আমরা আজ তাদের উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা প্রতীকী প্রতিবাদ নিয়ে এসেছি। মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এটা জানাতে চাই। এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। সামাজিকভাবে আমরা এতো নিচে নেমে গেছি, এটা থেকে উত্তোরণ দরকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বলেন, ভুক্তভোগী ওই শিক্ষকের বক্তব্য এবং সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থী পরীক্ষার নিয়মকানুন যথাযথভাবে মানছিল না। যে কারণে ভুক্তভোগী শিক্ষক তার খাতাটি নিয়ে নেন এবং বসতে বলেন। কিন্তু ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে চড়-থাপ্পড় মারে। এ ঘটনায় বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের পরামর্শে আমরা সদর থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছি। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আমরা অভিযোগ দিয়েছি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে এক শিক্ষককে মারধরের কথা বলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, শিক্ষককে মারধর খুবই ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমার কাছে এসেছে। ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার খাতা কেড়ে নেওয়াকে কেন্দ্র করে শিক্ষককে থাপ্পড় মারে এক ছাত্র। রবিবার (৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে তোলপাড় শুরু হয়।

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
'সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না', কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬