এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া © ফাইল ছবি
এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাবে বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আকতার। কেন্দ্র পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু ভাগ্যের নির্দয় পরিহাস, সকাল ৮টায় খবর এলো এসএসসি পরীক্ষার্থী সুমাইয়ার মা আর বেঁচে নেই। এই খবরে সে জ্ঞান হারালে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এদিকে, ১১টা থেকে তার এসএসসি পরীক্ষা। খবর পেয়ে পানছড়ি থানার ওসি আনচারুল করিম গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে নিয়ে ওই শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে আসেন এবং যাবতীয় ব্যবস্থা করে দেন। হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা দেন সুমাইয়া। স্থানীয়রা বলছেন, ওসি এগিয়ে না এলে হয়তো মা হারা মেয়েটির পরীক্ষা দেওয়া হতো না।
পানছড়ি থানার ওসি জানান, এটা আমার দায়িত্ব ছিল। আমার নিজের মেয়ে মনে করে তাকে কেন্দ্রে নিয়ে সাহস জুগিয়েছি এবং দুজন পুলিশ সার্বক্ষণিক তার পাশে থাকার ব্যবস্থা করেছি।