১৫২ স্কুলে তালা ঝুলিয়ে পিকনিকে প্রাথমিকের শিক্ষকরা!

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৭ AM

© সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকদের বিরুদ্ধে বনভোজনে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীদের একদিনের পাঠদান বন্ধ থাকলেও জেলা প্রশাসন বা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিষয়টি অজানা রয়ে গেছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ৮০০ শিক্ষকের কাছ থেকে ৪০০ টাকা হারে প্রায় ৩ লাখ টাকা উত্তোলন করার পর ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মিলে উপজেলার তালতলা দরগা নামক স্থানে পিকনিক বা তাদের ভাষায় মিলনমেলার আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি শিক্ষা) রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন মাস্টার বলেন, যেহেতু এটি সিলেবাসে নেই সে কারণে তিনি স্কুল বন্ধ করে মিলনমেলায় যোগদান করেননি।

এদিকে আয়োজক কমিটির শিক্ষক নেতা মাহবুবু আজম ইকবাল ঝড়ু জানিয়েছেন, তারা একদিনের ঐচ্ছিক ছুটি নিয়ে সকলে মিলে পিকনিকের আয়োজন করেছেন। এতে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান জানান, তিনি একদিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ছুটি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক ছুটি দেওয়া হয়েছে।

এদিকে একযোগে ১৫২টি স্কুল বন্ধ ঘোষণা করে বনভোজন করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই জানিয়েছেন, এই গেট টুগেদার বন্ধের দিন করলে ভালো হতো। অভিভাবকরা পাঠদান বন্ধ করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই এই কাজটি করা সরকারি বিধির লঙ্ঘন বলে মনে করেন।

 

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬