নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত
অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার (৭ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে তার কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের অভিযোগ, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি যথাক্রমে ২৩৩ ও ২৮২ টাকা হলেও তাদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা করে আদায় করা হয়েছে। এছাড়া ৯ টাকা ৫০ পয়সা মূল্যের টিফিন সরবরাহ করে ভাউচারে ১৮ টাকা দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও করেন তারা।
এ ছাড়া বিদ্যালয়ের ক্রীড়া ফান্ড ও আইসিটি ফান্ডের অর্থ অনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক জাসমিন আক্তার বলেন, ‘আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, যা সঠিক নয়। কারও ইন্ধনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমি ছুটিতে এসেছি।’
জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অশোভন ব্যবহার করাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনসহ অপসারণ দাবি করছিল শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করাসহ প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।’