ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। জুলাই মাসের ৩ তারিখের মধ্যে এই ইউনিটের ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, পরীক্ষার এমসিকিউ অংশ দেখতে খুব একটা সময় না লাগলেও লিখিত অংশের খাতা মূল্যায়ন করতে বেশ খানিকটা সময় প্রয়োজন হবে। লিখিত অংশের খাতা দেখা শেষ হলে সেটি পুনরায় দেখা হবে। ইতোমধ্যে ‘গ’ ইউনিটের ফল তৈরির কাজ ১৫ থেকে ২০ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন শনিবার (১১ জুন) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গ’ ইউনিটের ফল তৈরির কাজ চলছে। চলতি মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: গুচ্ছে জিপিএ নম্বর নির্ধারণ করবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়
কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল। তবে অগ্রগতি হচ্ছে। এক মাসের মধ্যে আমাদের ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আমরা সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।
এর আগে গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ৯৩০ আসনের বিপরীতে পরীক্ষায় বসার আবেদন করেছিলেন ৩০ হাজার ৭১৯ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী ছিলেন ৩৩ জন।