© টিডিসি ফটো
হাইকিং ফোর্স বাংলাদেশ নামে একটি সংগঠনের আয়োজনে প্রথম স্লো ক্রসকান্ট্রি ওয়েফারিং মিশন-২০২০ শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। মাসফিকুল হাসান টনি নামে জবির নাট্যকলা বিভাগ ২০১৬-১৭ বর্ষের ওই শিক্ষার্থী ইতোমধ্যে সাত জেলা হেঁটে পরিভ্রমণ করেছেন।
গত ৫ নভেম্বর ‘প্রথম স্লো ক্রস কান্ট্রি ওয়েফারিং মিশন ২০২০’ এ বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে তার এ যাত্রাটি শেষ হবে। পদযাত্রা অভিযানটির প্রতিপাদ্য বিষয়- সংশোধনী আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বাস্তবায়ন এবং সেক্সুয়াল এডুকেশন।
গত সাত দিনে মাসফিকুল পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া হয়ে বর্তমানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াতে অবস্থান করছেন৷
এই বিষয়ে মাসফিকুল হাসান টনি বলেন, প্রত্যেকটা ভ্রমণে প্রয়োজন হয় সঠিক পথের নিদিষ্ট একটি পরিকল্পনা, আমি কোথায় থাকবো এবং আমি কোথায় খাবো ইত্যাদি। কিন্তু আমার ক্ষেত্রে আমি এগুলা কিছুই করার সুযোগ পাইনি। বলতে গেলে আমি বান্দরবন থেকে সরাসরি তেতুলিয়ায় গিয়ে পদযাত্রায় যুক্ত হয়েছিলাম। আমার এই পদযাত্রায় আমি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করছি৷
তিনি আরও বলেন, অনেকের সাথে পরিচিত হচ্ছি৷ অনেকে আমাকে থাকার জন্য এবং খাবার খাওয়ার দাওয়াত দিচ্ছে। আবার অনেকে আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। সব মিলিয়ে আমি এই পদযাত্রাটি অনেক উপভোগ করছি এবং অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। আমার ইচ্ছা আছে আমি এই পদযাত্রার মাধ্যমে পূর্বের রেকর্ড ভেঙে দিবো। আমি উদ্দেশ্যে নিয়েই এগিয়ে যাচ্ছি।