ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্তবসম্মত রূপরেখা

অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ

অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশে মোট বেকার জনগোষ্ঠীর ৭৮.৮৭ শতাংশই হলো তরুণ। দেশে বর্তমানে ১৭১টির মতো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও, স্নাতক পাস করা তরুণদের ১২ শতাংশই বেকার বসে আছেন। এর চেয়েও ভয়াবহ ও উদ্বেগজনক পরিসংখ্যান হলো, দেশের প্রায় ১৮.৯ শতাংশ তরুণ ‘নিট’ (NEET - Not in Education, Employment, or Training) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। অর্থাৎ, বিশাল এই তরুণ জনগোষ্ঠী কোনো ধরনের শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সাথেই যুক্ত নেই, যা জাতির জন্য অশনিসংকেত।

বর্তমান বিশ্ব অর্থনীতি ও আধুনিক শিল্প খাতে প্রযুক্তিগত দক্ষতা থাকলে আয় অন্তত ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। অথচ আমাদের দেশের স্নাতকদের বেসিক কম্পিউটার লিটারেসিতে গড় স্কোর ১০০-এর মধ্যে মাত্র ৪৪। এই চিত্র প্রমাণ করে যে, আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের ন্যূনতম প্রযুক্তিগত দক্ষতাটুকুও দিতে পারছে না। এর প্রধান কারণ হলো, আমাদের উচ্চশিক্ষার অপর্যাপ্ত বাজেট (যা জাতীয় বাজেটের ১২.১১% এবং জিডিপির মাত্র ১.৫৩%) এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কহীন প্রাচীণ আমলের মুখস্থনির্ভর কারিকুলাম। এই ভয়াবহ সংকট থেকে উত্তরণ ঘটিয়ে তারুণ্যের শক্তিকে দেশের অর্থনীতিতে যুক্ত করার জন্য এবং বেকারত্বের দুষ্টচক্র ভাঙতে উচ্চশিক্ষায় বাস্তবসম্মত ‘ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি)’- এর বাস্তবায়ন অপরিহার্য।  
 
এআই (AI) যুগে শত বছরের পুরোনো শিক্ষাকাঠামোর অসারতা
বাংলাদেশের বর্তমান উচ্চশিক্ষা একাডেমিক থিওরির বন্দীদশার মধ্যে আটকে আছে। এখানে চার বছরের স্নাতক বা অনার্সের যে কাঠামোটি অন্ধভাবে অনুসরণ করা হচ্ছে তা মূলত শত বছরের পুরোনো ব্যবস্থা। সেই যুগে মানুষের জ্ঞানের পরিধি ছিল সীমিত এবং জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম ছিল শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়। তখন জ্ঞানী মানুষেরা বিশ্ববিদ্যালয়ে এসে তরুণদের আলোকিত করতেন। কিন্তু বর্তমান যুগ ইন্টারনেট, গুগল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) যুগ। এখন বিশ্বব্রহ্মাণ্ডের যেকোনো তাত্ত্বিক জ্ঞান মানুষের হাতের মুঠোয়, স্মার্টফোনের স্ক্রিনে। এই তথ্যপ্রযুক্তির যুগে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। থিওরি বা তত্ত্ব এখন আর বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া সম্পদ নয়। তাই এখন বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শুধু ‘জ্ঞান বিতরণ’ নয়, পরিবর্তিত বিশ্ববাজার, ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীকে পুরোপুরি প্রস্তুত বা Equip করা।

চার বছরের তত্ত্বের অভিশাপ ও অর্থনৈতিক অপচয়
বর্তমান চার বছরের দীর্ঘ তাত্ত্বিক পড়াশোনায় শিক্ষার্থীরা মূলত কী শিখছে? বাস্তবতা হলো, একজন শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে যা পড়ে, অষ্টম বা শেষ সেমিস্টারে এসে তার ৫ শতাংশও মনে রাখতে পারে না। অপ্রাসঙ্গিক ও কর্মক্ষেত্রের সাথে সম্পর্কহীন বিষয় পড়িয়ে শিক্ষার্থীদের বছরের পর বছর আটকে রাখা হচ্ছে।

এই চার বছরের প্রতিটি দিন ও রাত দেশের লাখ লাখ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পিতামাতার ঘাম ঝরানো কষ্টের টাকার অযৌক্তিক অপচয়। একজন মা রান্নাঘরে ঘাম ঝরিয়ে যে স্বপ্ন দেখেন তার সন্তান একদিন বড় হবে, বর্তমান শিক্ষা কাঠামো সেই স্বপ্নের সাথে একপ্রকার প্রতারণা করে চলেছে। লাখ লাখ টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে একজন গ্রাজুয়েট যখন দেখে তার ডিগ্রির কোনো বাজারমূল্য নেই, তখন তার হতাশা পুরো পরিবারকে গ্রাস করে। তাই স্নাতক পর্যায়ের তাত্ত্বিক সিলেবাসকে নির্দয়ভাবে কেটেছেঁটে শুধু Real and Smart বিষয়গুলো রেখে পড়াশোনাকে ৫০ শতাংশে বা দুই বছরে নামিয়ে আনা উচিত। বাকি সময়টুকু বরাদ্দ থাকতে হবে সরাসরি বাস্তব কাজের জন্য।

মূল দর্শন: ‘স্কুলিং’ নয়, বিশ্ববিদ্যালয় হোক ‘নলেজ ইন্ডাস্ট্রি’ 
এই রূপরেখার মূল দর্শন হলো হলো, গতানুগতিক পাঠ্যবই-নির্ভর ‘স্কুলিং’ থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থাকে একটি ‘নলেজ ইন্ডাস্ট্রি’ বা জ্ঞানভিত্তিক শিল্পে রূপান্তর করা। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশ বর্তমানে বিদেশে সস্তায় ‘কাঁচামাল’ বা অদক্ষ শ্রম রপ্তানি করছে, যার অর্থনৈতিক মূল্য খুবই কম। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করতে হবে একটি ‘শোধনাগার’ (Refinery)-এর মতো। মাটি থেকে তোলা অপরিশোধিত তেল যেমন শোধনাগারে গিয়ে মূল্যবান জ্বালানিতে পরিণত হয়, তেমনি বিশ্ববিদ্যালয়গুলো তরুণদের কাঁচা মেধাকে পরিশীলিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। এই দক্ষ মানবসম্পদ দেশের ভেতরে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেবে এবং বিশ্ববাজারে উচ্চমূল্যে মেধা হিসেবে রপ্তানি হবে।

‘ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি)
‘ব্যাচেলর মডেল ২+২(ক্লাসরুম+ইন্ডাস্ট্রি)’ চার বছরের প্রচলিত স্নাতক ডিগ্রিকে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে দুটি সমান্তরাল ও কার্যকর ধাপে বিভক্ত করে:

• প্রথম ধাপ (১ম ও ২য় বর্ষ - তাত্ত্বিক ভিত্তি): স্নাতক জীবনের প্রথম দুই বছর একজন শিক্ষার্থী তার নিজ বিষয়ের অত্যাবশ্যকীয় মূল তত্ত্ব, প্রফেশনাল এথিকস বা নৈতিকতা এবং বর্তমান বিশ্বের জন্য অপরিহার্য ডিজিটাল লিটারেসি শিখবে। এই দুই বছর সফলভাবে শেষ করার পর তাকে একটি ‘অ্যাসোসিয়েট ডিগ্রি’ (Associate Degree) প্রদান করা হবে। এই ডিগ্রির চমৎকার সামাজিক সুবিধা রয়েছে। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক ঋণগ্রস্ত বা অসচ্ছল পরিবারের শিক্ষার্থীর পক্ষেই টানা চার বছর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। এই মডেল অনুযায়ী, কোনো শিক্ষার্থী চাইলে দুই বছর পর এই 'অ্যাসোসিয়েট ডিগ্রি' নিয়ে একটি সম্মানজনক প্রস্থান (Exit) করতে পারবে এবং অনায়াসেই যেকোনো মিড-লেভেল চাকরিতে প্রবেশ করতে পারবে। ফলে সমাজের চোখে তাকে আর ‘ড্রপআউট’ বা ঝরে পড়া তকমা নিয়ে ঘুরতে হবে না।

দ্বিতীয় ধাপ (৩য় ও ৪র্থ বর্ষ - ইন্ডাস্ট্রি স্পেশালাইজেশন ও এপ্রেন্টিসশিপ)
মডেলটির দ্বিতীয় ধাপে রাষ্ট্র, একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘ট্রিপল হেলিক্স’ (Triple Helix) মডেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এই ধাপে স্নাতক কোর্সের অন্তত ৪০ শতাংশ সরাসরি ইন্ডাস্ট্রির বা শিল্প খাতের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হবে।

• তৃতীয় বর্ষে ‘ডুয়াল সুপারভিশন’ বা দ্বৈত তত্ত্বাবধান থাকবে। শিক্ষার্থী একইসাথে একজন একাডেমিক সুপারভাইজার এবং একজন ইন্ডাস্ট্রিয়াল সুপারভাইজারের অধীনে শিখবে। একাডেমিক শিক্ষকরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজের অগ্রগতি দেখবেন, আবার ইন্ডাস্ট্রির পেশাদাররাও ক্লাসরুমে এসে ক্লাস নেবেন। শিল্প খাতে প্রবেশের ঠিক আগে শিক্ষার্থীরা পেশাজীবীদের দ্বারা পরিচালিত ডিজিটাল মার্কেটিং বা ফিন্যান্সিয়াল মডেলিংয়ের মতো ৩-৪ সপ্তাহের শর্ট কোর্স সম্পন্ন করে সরাসরি ইন্টার্নশিপে যুক্ত হবে। এ সময় শিক্ষার্থীরা ১০-১২ হাজার টাকার মতো একটি সাবসিডাইজড ইন্টার্নশিপ ভাতা পাবে এবং বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি সাবসিডাইজড বা হৃাস করা হবে।  

• চতুর্থ বর্ষে শিক্ষার্থীর কোনো একাডেমিক সুপারভাইজারের প্রয়োজন নেই; সে পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল সুপারভাইজারের অধীনে সরাসরি চাকরিতে (এপ্রেন্টিসশিপ) যুক্ত হবে।


অর্থনৈতিক 'উইন-উইন সিচুয়েশন
এই মডেলটি সমাজের তিনটি প্রধান স্তম্ভের জন্যই স্বস্তি হিসেবে কাজ করবে-

• পিতামাতার আর্থিক মুক্তি: চার বছরের বিশাল টিউশন ফি ও হাতখরচের জায়গায় পিতামাতাকে কেবল দুই বছরের পড়াশোনার খরচ বহন করতে হবে। 

• শিক্ষার্থীর আর্থ-সামাজিক স্বাধীনতা: তৃতীয় বর্ষ থেকেই ইন্টার্নশিপ ভাতার মাধ্যমে এবং চতুর্থ বর্ষে প্রায় পূর্ণাঙ্গ বেতনের কাছাকাছি (যেমন ৩০ হাজারের জায়গায় ২০ হাজার টাকা) আয়ের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকের আগেই আর্থিকভাবে স্বাবলম্বী হবে। পাশাপাশি তারা বাস্তব কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য দক্ষতা অর্জন করবে।

• ইন্ডাস্ট্রির মুনাফা ও জনবল: শিল্পপ্রতিষ্ঠানগুলো খুব কম খরচে গ্র্যাজুয়েশনের আগেই সম্ভাবনায় তরুণদের পেয়ে যাবে। নিজেদের প্রয়োজন ও করপোরেট কালচার অনুযায়ী তাদেরকে গড়ে নিতে পারবে, যা কোম্পানির নিজস্ব নিয়োগ ও প্রশিক্ষণ খরচকে ব্যাপকভাবে কমিয়ে দেবে।

বাস্তবভিত্তিক শিখন: আন্তর্জাতিক ও দেশীয় উদাহরণ 
‘ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি)’-এ ক্লাসরুমে যা শেখানো হবে, ইন্ডাস্ট্রিতে গিয়ে ঠিক তারই প্রয়োগ ঘটবে।

• চীনের বিশ্ববিদ্যালয়ের উদাহরণ: ক্যাম্পাসের ভেতরেই বিশাল ওয়ার্কশপ থাকে, যেখানে দামি গাড়ি বা ক্রিটিক্যাল মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলে। ইন্ডাস্ট্রির কর্মীরা যখন জটিল সমস্যায় পড়েন, তখন তারা সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে মিলে কাজ করেন। থিওরি এবং প্র্যাকটিক্যাল কাজ সেখানে একসাথেই চলে।

• দেশীয় প্রেক্ষাপটে বুয়েটের উদাহরণ: বুয়েটের শিক্ষার্থীদের যদি পুরান ঢাকার ট্রাফিক জ্যাম বা ঘিঞ্জি পরিবেশ ঠিক করার প্রজেক্ট দেওয়া হয়, যেখানে কোনো ভবন না ভেঙে বা ব্যবসা না উঠিয়েই সমাধান বের করতে হবে, তবে তারা হাতে-কলমে বাস্তব সমস্যার সমাধান শিখতে পারবে।

একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির দূরত্বের দেয়াল ভাঙা 
উচ্চ বেকারত্বের দেশে কেবল তাত্ত্বিক পরিবর্তন যথেষ্ট নয়; একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সফল সমন্বয় নিশ্চিত করতে শিক্ষকদেরও প্রথাগত তত্ত্বের গণ্ডি ও একাডেমিক আভিজাত্যের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। অনেক শিক্ষকেরই ইন্ডাস্ট্রি থেকে বাস্তব জ্ঞান শেখার আগ্রহ কম থাকে। এই মডেলে শিক্ষকরা চাকরির বাজারের বাস্তবতা অনুধাবন করতে পারবেন। যেমন, একজন কমার্শিয়াল ম্যানেজার বাস্তব অভিজ্ঞতায় ‘এলসি ম্যানেজমেন্ট’ যতটা নিখুঁতভাবে বোঝেন, কেবল বই পড়িয়ে একজন শিক্ষকের পক্ষে তা পুরোপুরি শেখানো কঠিন।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে আইটি বা বিজনেস কোর্সগুলো সরাসরি বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকে সাব-লিজ দেওয়া হয়। তারা এসে ক্লাস নেয়, প্রজেক্ট করায় এবং গ্রেড দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আইবিএ বা দেশের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ইউনিলিভার বা বিএটি (BAT)-এর মতো বিলিয়ন ডলার কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার বা সাপ্লাই চেইন ম্যানেজার ক্লাসরুমে এসে পড়ান, তবে শিক্ষার্থীরা যে বাস্তব জ্ঞান পাবে, তা কেবল বই পড়ে একজন সাধারণ শিক্ষকের পক্ষে দেওয়া অসম্ভব । শিক্ষকদের এই কর্পোরেট দুনিয়ার সাথে মেলবন্ধন ঘটাতে পারলে তা পুরো শিক্ষাব্যবস্থায় বিশাল বিপ্লব নিয়ে আসবে।

প্রাতিষ্ঠানিক টুলস ও বিদ্যমান বাধা
এই সমন্বয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কিছু সুনির্দিষ্ট টুলসের কথা বলা হয়েছে:
• বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটিতে ‘ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড’ গঠন করা। 

• ক্যাম্পাসে সরাসরি কোম্পানির অর্থায়নে যৌথ ইনকিউবেটর ও ল্যাব স্থাপন করা।

• বাস্তব সমস্যাভিত্তিক ‘ক্যাপস্টোন প্রজেক্ট’-এর প্রচলন করা। 

• অভিজ্ঞ কর্পোরেট পেশাজীবীদের ‘অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি’ হিসেবে নিয়োগ দেওয়া।

এই সমন্বয়ের পথে আমাদের দেশে কিছু বড় বাধাও রয়েছে। যেমন: ইউজিসি বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্রুত সিলেবাস আপডেটের সুযোগ না থাকা, শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির বদলে শুধু তাত্ত্বিক গবেষণাপত্রকে প্রাধান্য দেওয়া এবং একাডেমিয়া ও করপোরেট খাতের মাঝে আস্থার সংকট। এছাড়া শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ ও নেতৃত্বের মতো সফট স্কিলসের (Soft Skills) চরম অভাব এবং দেশের অর্থনীতির মূল ভিত্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (Small-Scall Entrepreneurship) খাতের সঙ্গে কারিকুলামের সংযোগহীনতার মতো ঘাটতিগুলো সমাধান না করলে কোনো মডেলই বাস্তবে আলোর মুখ দেখবে না।

মাস্টার্স ডিগ্রির আধিক্য ও বাস্তবমুখী গবেষণার অভাব
আমাদের দেশে বেকারত্বের অন্যতম কারণ হলো ঢালাওভাবে সবার মাস্টার্স করার অন্ধ প্রবণতা। উন্নত বিশ্বে (যেমন জাপান বা আমেরিকায়) কেবল গুটি কয়েক শিক্ষার্থী বা গবেষকই মাস্টার্স বা পিএইচডি করেন, যাদের লক্ষ্য থাকে একাডেমিয়ায় থাকা। আর গবেষণার উদ্দেশ্য হতে হবে বাস্তব জীবনের সমস্যা সমাধান। যেমন, মেক্সিকোতে শিক্ষার্থীরা রাস্তায় জ্যামে আটকে থাকার ফলে কতটুকু জ্বালানি পোড়ে, কত কর্মঘণ্টা নষ্ট হয় এবং রাষ্ট্রের কী পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়, তা নিয়ে গবেষণা করে। অথচ আমাদের দেশের যানজট বা জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সেরকম কোনো বাস্তবমুখী গবেষণা হয় না।  

শিল্পের পরিবর্তনশীলতা ও রূপান্তর 
ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত পরিবর্তনশীল। একসময়কার তুমুল জনপ্রিয় 'তিব্বত সাবান' যুগের সাথে ইনোভেশন বা নতুন ফিচার যোগ করতে না পারায় বাজার হারিয়েছে। নকিয়া বা কোডাকের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলোও টিকে থাকতে পারেনি। তাই শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা দ্রুত পরিবর্তনশীল এই করপোরেট বিশ্বের সাথে যেকোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে।

রাষ্ট্রের ভূমিকা ও নীতিগত সংস্কার (Strategic Policy Recommendations)
এই সামগ্রিক মডেলকে দেশব্যাপী কার্যকর করতে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য
• অভিন্ন পাঠক্রম(Unified Syllabus): দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন ও যুগোপযোগী পাঠক্রম বাধ্যতামূলক করতে হবে, যেখানে সরকার বৈশ্বিক বিশেষজ্ঞদের নিয়ে ‘আউটকাম-বেসড এডুকেশন’ (OBE) নির্ভর কারিকুলাম তৈরি করবে।

• আর্থিক প্রণোদনা ও শুল্ক হ্রাস: শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বিদেশি বই ও শিক্ষা উপকরণের ওপর থেকে ৭৩.৯৬% অস্বাভাবিক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং টিউশন ফির ওপর থেকে ভ্যাট মওকুফ করতে হবে। পাশাপাশি কমপ্লায়েন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট ট্যাক্স ১৫% থেকে কমিয়ে ১০% করতে হবে।

• শিক্ষকদের পেশাগত সুরক্ষা: মেধাবীদের শিক্ষকতায় ধরে রাখতে একটি সম্মানজনক ‘ন্যূনতম একাডেমিক মজুরি’ (Minimum Academic Wage) নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান পরিবর্তনের সময় বদলিযোগ্য চিকিৎসা ও পেনশন সুবিধা (Portable Benefits) চালু করতে হবে।

• আউটকাম-ভিত্তিক অনুমোদন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) শুধু ভর্তির সংখ্যার ওপর ভিত্তি করে নয়, স্নাতকদের কর্মসংস্থানের হারের ওপর ভিত্তি করে নতুন প্রোগ্রামগুলোর অনুমোদন ও মূল্যায়ন করবে।

বর্তমান জিডিপির মাত্র ১.৫৩ শতাংশ শিক্ষায় বিনিয়োগ করে এই বিশাল রূপান্তর সম্ভব নয়। তারুণ্যের বিশাল শক্তিকে যদি আমরা এখনই দক্ষ জনসম্পদে রূপান্তর করতে না পারি, দীর্ঘমেয়াদি তা জাতীয় বোঝায় পরিণত হবে। শিক্ষার্থীদের হাতে কাগুজে সার্টিফিকেট নয়, বাস্তব কাজের দক্ষতা তুলে দিতে এবং দেশের উচ্চশিক্ষাকে ঢেলে সাজাতে ‘ব্যাচেলর মডেল ২+২(ক্লাসরুম+ইন্ডাস্ট্রি)’-এর দ্রুত মূল্যায়ন ও জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করা জরুরী। গণমাধ্যম, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদদের সম্মিলিত প্রয়াসে শিক্ষাখাতে এই বৈপ্লবিক পরিবর্তন সম্ভব।  

লেখক: পরিচালক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950