রাজিবুল ইসলাম © টিডিসি সম্পাদিত
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
১৯৮৬ সালে মাত্র ২টি অনুষদ, ৪টি বিভাগ ও ৩০০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টি গত চার দশকে শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই অগ্রগতির ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন।
২০২৬ সালের মে মাসে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান প্রতিষ্ঠানটিকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। বিভিন্ন জাতীয় ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও আদর্শ নিয়ে ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠাকালীন চেতনা ফিরিয়ে আনাই তার প্রশাসনের প্রধান লক্ষ্য। অতীতের নানা সংকট কাটিয়ে একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম চলছে। সম্প্রতি ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদে কম্পারেটিভ তাফসীর এবং আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগ চালু হয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত শিক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৬৬৮ জন। তাঁদের মধ্যে ১১ হাজার ৮৮৭ জন ছাত্র এবং ৭ হাজার ৭৮১ জন ছাত্রী। এ ছাড়া এমফিল প্রোগ্রামে ১৫১ জন গবেষক রয়েছেন, যাঁদের মধ্যে ১৩৭ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী। পিএইচডি প্রোগ্রামে গবেষণায় নিয়োজিত রয়েছেন ১৫২ জন। তাঁদের মধ্যে ১২০ জন ছাত্র ও ৩২ জন ছাত্রী। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী ও গবেষকের সংখ্যা ১৯ হাজার ৯৭১ জন। তাঁদের পাঠদান ও গবেষণায় দিকনির্দেশনা দিতে কর্মরত রয়েছেন ৪১৫ জন শিক্ষক। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি থেকে ৮ শতাধিক শিক্ষার্থী এমফিল এবং প্রায় সাড়ে ৭ শত শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

একাডেমিক মানোন্নয়নে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও মাঠপর্যায়ের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের সরেজমিনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং গবেষণা প্রতিবেদন তৈরির মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে বিভাগগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (IIER) বিএড, এমএড, বিএমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের পাশাপাশি বৈশ্বিক কর্মবাজারের চাহিদা পূরণে আইইএলটিএস এবং আরবি, ইংরেজি, জাপানিজ ও কোরিয়ান ভাষার ওপর পেশাদার প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে।
বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ বিতরণের কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে আধুনিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিল্প-শিক্ষা সমন্বয়ে (Industry-Academia Collaboration) অগ্রণী ভূমিকা রাখছে বর্তমান প্রশাসন।
উপাচার্যের উদ্যোগ ও সভাপতিত্বে ২০২৬ সালের ৩ অক্টোবর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে 'শিক্ষা-শিল্পের ঐকতান: কর্মসংস্থানের সমাধান' শীর্ষক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও নীতিনির্ধারকেরা অংশ নেন। এর ধারাবাহিকতায় যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দীর্ঘ আট বছর পর আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজন সফল করতে একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি, একটি আয়োজক কমিটি ও ২২টি উপকমিটি গঠন করে প্রস্তুতি নেওয়া হয়েছে।
গ্র্যাজুয়েটদের অংশগ্রহণ সহজ করতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে অনলাইন পোর্টাল (convocation.iu.ac.bd) চালু করা হয়েছে। গত ১০ নভেম্বর থেকে এই পোর্টালে নিবন্ধন শুরু হয়েছে। এবার সন্ধ্যাকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদেরও সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
১৭৫ একরের সবুজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও গবেষকদের চাহিদা পূরণে আধুনিক একাডেমিক ভবন, সেন্ট্রাল ল্যাবরেটরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তন ও মেডিকেল সেন্টার রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আবাসনের জন্য বর্তমানে ৯টি হল চালু রয়েছে। অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়াতে ৫৩৭ কোটি ৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত' শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৮ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদের এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কাজ চলছে।
অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রকল্পে ৩৮৯ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়েছে। এতে আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৪ দশমিক ১১ শতাংশ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৮৩ শতাংশ। প্রকল্পের মোট ৩২টি অঙ্গের মধ্যে ১৮টির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ১৪টির নির্মাণকাজ এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আরও ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়বে এবং পরিবহন খাতে ব্যয় কমবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ৪৭৬ জন কর্মকর্তা, ৮৭ জন সহায়ক কর্মচারী এবং ১৩০ জন সাধারণ কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে আইসিটি সেল ও কম্পিউটার সেন্টারের মাধ্যমে অনলাইন ভর্তি, ফলাফল প্রকাশ এবং দাপ্তরিক নথিপত্রের ডিজিটালাইজেশন সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে রয়েছে নিজস্ব ৪৩টি, বিআরটিসির ১৩টি দ্বিতল এবং ভাড়ায় পরিচালিত ২০টি বাসসহ মোট ৮১টি যানবাহন। কুষ্টিয়া রুটে ৩৪টি, ঝিনাইদহ রুটে ১৬টি এবং শৈলকুপা রুটে ৫টি বাসের মাধ্যমে কোনো বাড়তি খরচ ছাড়াই প্রতি ঘণ্টায় পরিবহন সেবা চালু রাখা হয়েছে।
জরুরি চিকিৎসাসেবার জন্য রয়েছে দুটি সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স। পাশাপাশি আবাসিক হল ও ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ক্যাম্পাসকে আদর্শ 'গ্রিন ক্যাম্পাস' হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
গবেষণা ও বৈশ্বিক র্যাংকিংয়েও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের সিমাগো র্যাংকিংয়ে ৩০৫ ধাপ এগিয়ে বিশ্বে ২ হাজার ২৫৭তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এডুর্যাংকের তালিকা অনুযায়ী, বাংলাদেশে এর অবস্থান ১১তম এবং লিবারেল আর্টস ও সোশ্যাল সায়েন্সে দেশের মধ্যে তৃতীয়।
কিউএস এশিয়ান র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১১০১ থেকে ১২০০-এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৩৬২তম। এ ক্ষেত্রে সাইটেশন স্কোর ৮৩ দশমিক ৪। ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক স্থান পেয়েছেন। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির গবেষকদের ৭ হাজার ৯৭৭টি প্রকাশনা এবং ৫৫ হাজার ৩৮টি সাইটেশন নিবন্ধিত হয়েছে।
ক্রীড়াক্ষেত্রেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উজ্জ্বল অবস্থান ধরে রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল, অ্যাথলেটিক্স, বাস্কেটবল ও ফুটবল প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৬ সালে ২১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতাও সফলভাবে আয়োজন করেছে ইবি। ক্রীড়াচর্চাকে বিজ্ঞানভিত্তিক রূপ দিতে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু হয়েছে।
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দিনগুলোর জন্য বেশ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চলমান মেগা প্রকল্পের শতভাগ বাস্তবায়ন, চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতার মাধ্যমে নিয়মিত জব ফেয়ার আয়োজন।
এ ছাড়া পুরো ক্যাম্পাসকে আধুনিক সিসিটিভি নজরদারি ও পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনা এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আজ একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান প্রশাসনের নেতৃত্বে একাডেমিক ও গবেষণার মানোন্নয়ন, ব্যবহারিক শিক্ষার প্রসার, পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি এবং চলমান মেগা অবকাঠামোগত উন্নয়ন বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামী বিশ্ববিদ্যালয় আগামী দিনে দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
লেখক: উপ-পরিচালক (জনসংযোগ), ইবি