বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ছয়টি গুরুত্বপূর্ণ পদই বর্তমানে শূন্য রয়েছে। এসব কারণে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। এর ফলস্বরূপ ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র এ বিষয় নিশ্চিত করেছে।
রবিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সূত্র থেকে অনিবার্য কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া যায়। তবে নতুন করে সম্ভাব্য ভর্তি পরীক্ষা পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, আজ ভর্তি পরীক্ষার বিভিন্ন আহ্বায়ক কমিটি, কোর কমিটি ও সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার পরবর্তী সম্ভাব্য তারিখ এখনও ঠিক হয় নি বলে জানান তিনি।
জানা গেছে, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রা-ভিসি), ট্রেজারার , রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো শূন্য রয়েছে।
প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।