© টিডিসি ফটো
ফোকলোর বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের বাংলার সমমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই দাবিতে মানববন্ধন করেছে তারা।
বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আহমদ মোশতাকের সঞ্চালনায় মাস্টার্সের শিক্ষার্থী আজম খান বলেন, ফোকলোরের সিলেবাস এবং বাংলা বিভাগের সিলেবাসের মধ্যে বিস্তর ফারাক। বাংলার প্রথম বর্ষের শিক্ষার্থী এক বছরে যে সকল বই পড়ে পরীক্ষা দেয় ফোকলোরের মাস্টার্সসহ সকল বর্ষেও তা পড়ানো হয় না। তাহলে তারা কিভাবে বাংলার সমান সুযোগ সুবিধা বা মর্যাদা পায়? ইউজিসি ফোকলোর বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের বাংলা বিভাগের স্নাতক স্নাতকোত্তরদের সমমানের হিসেবে বিবেচনা করার যে সিদ্ধান্ত নিয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করার দাবি জানান তিনি।
একই বর্ষের আরেক শিক্ষার্থী নাজমুল মৃধা বলেন, ‘ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অংশ হয়েও কিভাবে বাংলা বিভাগের সমমান মর্যাদা চায় তা বোধগম্য নয়, এর আগে তারা ইচ্ছে করেই সামাজিক বিজ্ঞান অনুষদের সাথে একীভূত হয়েছিল। আমরা ফোকলোরের বিরুদ্ধে নই। আমরা ইউজিসির অযৌক্তিক সিদ্ধান্তে বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই তারা যেন ফোকলোরকে বাংলার সমান মর্যাদা না দেয়। কেননা বাংলা সাহিত্য আর ফোকলোর এক নয়।’
এছাড়াও আরও বক্তব্য দেন বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফিদেল মনির, খালিদ হাসান মিলু, প্রথম বর্ষের শিক্ষার্থী খোরশেদ আলম প্রমুখ।
এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘বাংলা আর ফোকলোর এক নয়’ ‘আমাদের দাবি মানতে হবে-মানতে হব’ ‘ইউজিসির হঠকারী সিদ্ধান্ত- মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
দেখুন: বিসিএসে বাংলার সঙ্গে মিলতে চায় রাবির ফোকলোর বিভাগ
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটদেরকে বাংলা বিভাগের বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) অন্তর্ভুক্ত করে আলাদা কোড প্রদানে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।