রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ভুল উত্তরের জন্য এতদিন নেগেটিভ মার্কিং বা নম্বর কেটে নেওয়ার বিধান ছিলো।
জানা গেছে, এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে মোট ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। দুই ধাপে প্রার্থীদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তিচ্ছুরা গত ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।
চলতি বছর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত থাকবে। শুধুমাত্র ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আবেদনসহ ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) এ জানা যাবে।