বশেমুরবিপ্রবি উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে ‘প্রত্যাহার’র সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অনিয়ম-দুর্নীতি ও নৈতিক স্খলনের দায়ে কমিশনের তদন্ত কমিটি এই সুপারিশ করে। ইউজিসির ৫ সদস্যের কমিটির প্রতিবেদন রোববার দুপুরে সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে তিনটি সুপারিশ আছে। এরমধ্যে আছে অনিয়ম-দুর্নীতির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ।

গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপযার্য়ে শিক্ষার্থীদের উপর হামলার করে ভিসিপন্থীরা। তার প্রেক্ষিতেই ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে ওই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তথ্যাদি জানাতে অনুরোধ করে। এর পরদিন ২৪ সেপ্টেম্বর ইউজিসির সদস্য মুহাম্মদ আলমগীরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

২৫ সেপ্টেম্বর কমিটি ওই বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে যায়। সেখানে দুই দিন সরেজমিনে কাজ করে তদন্ত কমিটি। এরপর আজ রোববার এই প্রতিবেদন জমা দেয় কমিটি।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য দিল আফরোজা বেগম, ইউজিসির সদস্য সাজ্জাদ হুসেন, ইউজিসির পরিচালক কামাল হোসেন ও মৌলি আজাদ (সদস্যসচিব)।

প্রসঙ্গত, জাতির জনকের নামে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কাযর্ক্রম শুরু করে ২০১১ সালে। এখন ৩৪টি বিষয়ে মোট শিক্ষার্থী ১২ হাজারের মতো।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোন্দকার নাসিরউদ্দিন ২০১৫ সালে দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় চলতি বছর দ্বিতীয় মেয়াদেও উপাচার্যের দায়িত্ব পেতে তাঁর বেগ পেতে হয়নি।

অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে ‌‘বিশেষ কোটা’ (১ শতাংশ) নামে এক ধরনের ভর্তি কোটা চালু করেছেন উপাচার্য। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২৫ পেলেই এই কোটায় ভর্তির সুযোগ পাওয়া যায়। 

কয়েকজন শিক্ষক জানান, এই কোটা উপাচার্য নিজেই ঠিক করেন। এ সুযোগে যেনতেন ছাত্রও ভর্তি হয়েছেন। ফার্মাসি বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমন কিছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাঁদের ফরমের ওপর বিভিন্ন সাংকেতিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, সাধারণ কোটার বাইরেও বিভিন্নজনের সুপারিশের ভিত্তিতে বিশেষ কোটায় ভর্তি করা হয়।

আর্থিক অনিয়মের অভিযোগ: শিক্ষার্থীদের টাকায় দুর্যোগ ও ত্রাণকল্যাণ তহবিল রয়েছে। কিন্তু এই টাকা বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০১৮ সালে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর মারামারির ঘটনায় ছাত্রদের আপ্যায়ন বাবদ ৪০ হাজার টাকা খরচ দেখানো হয়েছে এই তহবিলের টাকায়। শুধু তা–ই নয়, ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের খাবার পরিবেশনের জন্য ১ লাখ টাকার খরচ দেখানো হয়েছে এই তহবিলের টাকায়। অথচ ঈদে সাধারণত শিক্ষার্থীরা হলে থাকেন না।

ভর্তি ফরমের আয় থেকে ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে। আবার বই কেনাসহ কিছু কাজের কেনাকাটায় ক্রয়প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল করার কথা থাকলেও সেটি করা হয়নি। তখন এর খরচ ধরা হয়েছিল প্রায় আড়াই কোটি টাকা। কিন্তু এত দিনে না হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যয় বাড়বে। এখানেই শেষ নয়, কাজ না হলেও এই খাতের রাখা টাকা ব্যয়ের হিসাবে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে একটি শহীদ মিনার করার কথা থাকলেও এখনো কাঠের শহীদ মিনারই রয়েছে। সেটির অবস্থাও করুণ। শহীদ মিনারের জন্য বরাদ্দ টাকার একটি বড় অংশ ব্যয়ের হিসাবে রাখা হয়েছে। 

ইউজিসির পরিচালক ফেরদৌস জামান বলেন, কাজ শেষ না করে টাকা ব্যয়ের হিসাবে দেখানোর নিয়ম নেই।

তুচ্ছ ঘটনায় শোকজ: ফার্মাসি ও গণিতের দুজন শিক্ষক জানান, তুচ্ছ ঘটনায় তাঁদের শোকজ করা হয়েছে। এই তালিকায় বাদ যাননি বিশ্ববিদ্যালের একমাত্র নিয়মিত অধ্যাপক মো. শাহজাহানও। ফার্মাসির শিক্ষক শফিকুল ইসলাম বলেন, খেলার মাঠে শিক্ষার্থীদের কথা–কাটাকাটির বিষয়ে তাঁকে শোকজ করা হয়েছে। আর তাতে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া আট শিক্ষার্থীকে বহিষ্কার করে পরে আবার প্রত্যাহার করা হয়। সর্বশেষ আইন বিভাগের ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কারের পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনের মুখে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীরা ১১ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এছাড়া উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাসে ঝাড়ুমিছিল বের করেন ছাত্রীরা। 

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
গণভোটের রায় না মানলে ১১ দলের সাত দফা এক দফায় রূপ নেবে: ডা. …
  • ০১ নভেম্বর ২০২৬
সাত শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
  • ০১ নভেম্বর ২০২৬