হলের তরকারিতে পোকা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী

১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ের তরকারিতে পোকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ের তরকারিতে পোকা © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে পোকা পেয়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লার্ভাসহ খাবারের প্লেট নিয়ে হল প্রভোস্টের কক্ষে যান তিনি। তবে প্রভোস্টকে কক্ষে না পেয়ে প্লেটটি তাঁর টেবিলে রেখে চলে আসেন ওই শিক্ষার্থী।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, খাবারে এমন অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার খাবারে পোকামাকড় এবং টিকটিকি পাওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় শিক্ষার্থীদের বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আজ দুপুরে আমি আমার বন্ধুদের সঙ্গে হলে খেতে গিয়েছিলাম। খাবারের সঙ্গে শিমের তরকারি নিয়েছিলাম। কিছুটা খাওয়ার পর দেখি, তরকারির শিমের ভেতরে লার্ভা। সঙ্গে সঙ্গে বিষয়টি ডাইনিং পরিচালককে জানাই। তারা কিছু না বলে খাবার পরিবর্তন করে দিতে চান। এরপর তাদের সঙ্গে আর কথা না বাড়িয়ে প্রভোস্ট স্যারকে দেখানোর জন্য প্লেটসহ তার কক্ষে যাই। প্রভোস্ট স্যারকে না পেয়ে লার্ভাসহ প্লেটটি তার টেবিলে রেখে চলে আসি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার খাবারে পোকামাকড়, লার্ভা, এমনকি টিকটিকিও পাওয়া গেছে। সব মিলিয়ে একবারে যাচ্ছেতাই অবস্থা। প্রশাসনের কোনো নজরদারি নেই, শিক্ষার্থীদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ববোধও নেই।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, আমি তো ছুটিতে আছি। এ বিষয়টি আমি জানি না। তবে এর আগেও আমি ডাইনিং পরিচালককে সতর্ক করেছি। এখন আবারও করব।

উল্লেখ্য, বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর খাবার গ্রহণের সময় এক শিক্ষার্থী খাবারের মধ্যে পোকামাকড়ের লার্ভা বা শুঁয়োপোকা দেখতে পান। একই হলের আরেক শিক্ষার্থী খাবার কক্ষে নিয়ে খাওয়ার সময় তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন। এছাড়া গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার খেতে গিয়ে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর টিকটিকিটি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি বিষয়টি ডাইনিং পরিচালককে জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

হীরকজয়ন্তীর উৎসব আমেজে বর্ণিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের বীরত্বের পর হাসানের দাপট, শেষ বিকেলে টাইগার শিব…
  • ১৬ নভেম্বর ২০২৬
হলের তরকারিতে পোকা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
  • ১৬ নভেম্বর ২০২৬
ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা …
  • ১৬ নভেম্বর ২০২৬
হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬