জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২ নভেম্বর)। অনলাইনে ইএমএস (ইএমএস) সফটওয়্যারের মাধ্যমে ২৪ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন।
রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ থেকে ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবেদন ফরম নিশ্চয়ন করবে। এরপর ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। ফরম পূরণসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
নির্দেশনা অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে প্রমোটেড হয়েছেন, তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষের এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন অথবা অনুপস্থিত ছিলেন, তারা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে আবেদন করতে পারবেন।
এ ছাড়া ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে এক বা একাধিক কোর্সে সি, সি-প্লাস ও ডি গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ন্যূনতম দুটি পত্রে সিজিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। অন্যদিকে, ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন অথবা অনুপস্থিত ছিলেন, তারা বিশেষ বিবেচনায় সর্বসাকল্যে পাঁচ হাজার টাকা বিশেষ ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে ফরম প্রিন্ট করে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজের বিভাগে জমা দিতে হবে। ফরমে কোনো ভুল থাকলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তা বাতিল করে পুনরায় আবেদন করতে হবে। ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ফরম পূরণসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে ems.nu.ac.bd ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।