অর্থ উপদেষ্টাকে ইবি উপাচার্য
ইবি উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি সম্পাদিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন খাতের খরচ কমিয়ে শিক্ষার্থীদের খাবারের মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের কাছে দুই অঞ্চলগামী ২টি ডাবল ডেকার বাস উপহার চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন আয়োজিত শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এ আবদার জানান।
উপদেষ্টাকে তার সহপাঠী উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘মাননীয় অর্থ উপদেষ্টা একাধারে একজন অর্থনীতিবিদ, দক্ষ পরিকল্পনাবিদ ও বিশিষ্ট একাডেমিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নয়, একজন সহপাঠী হিসেবে আমি তার কাছে ছোট একটি আবদার করতেই পারি। তিনি যদি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস উপহার দেন, তবে পরিবহন খাতের খরচ সাশ্রয় করে সেই অর্থ শিক্ষার্থীদের পুষ্টিকর ও মানসম্মত খাবারের পেছনে ব্যয় করা সম্ভব হবে।’
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় বাজেটের সিংহভাগ অর্থই পরিবহন খাতে ব্যয় করতে হয়। ফলে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মানসম্মত খাবার পরিবেশন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা জরুরি।’
আরও দেখুন: এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কোলাবোরেশন প্রোগ্রামে দেশের শীর্ষস্থানীয় ২৭টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও বিআরবি ক্যাবলসসহ অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।