ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান

০২ অক্টোবর ২০২৬, ১২:০১ PM
নাহিমা আক্তার দ্বীপা ও জান্নাতুল ফেরদাউস রিতা

নাহিমা আক্তার দ্বীপা ও জান্নাতুল ফেরদাউস রিতা © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে ছাত্রীদের সুযোগ-সুবিধা ও কল্যাণে ১৭টি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি আরও ৬টি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

জানা গেছে, বাস্তবায়িত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ছাত্রীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, বিভিন্ন ছাত্রী হলে চাকরির প্রস্তুতিমূলক বই প্রদান, আত্মরক্ষা প্রশিক্ষণের আয়োজন এবং ছাত্রী হলগুলোর পানি পরীক্ষার উদ্যোগ। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটির প্রস্তাবনা, ছাত্রী হল এলাকায় জিমনেশিয়ামের ব্যবস্থা, ছাত্রী হলগুলোতে সেলাই মেশিন প্রদান এবং হল ও বিভিন্ন ফ্যাকাল্টিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের কার্যক্রমও রয়েছে।

ছাত্রী হল এলাকার আলোর ব্যবস্থা উন্নয়নে নষ্ট লাইটগুলো সংস্কার করা হয়েছে এবং উচ্চক্ষমতাসম্পন্ন হ্যালোজেন লাইট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে হল এলাকার সিসি ক্যামেরাগুলো সংস্কারের দাবি জানানো হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে নারী শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ডে-কেয়ার সেন্টারে মা শিক্ষার্থীদের জন্য দৈনিক ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। হিজাব ডে উপলক্ষে ২০০ জন নারী শিক্ষার্থীকে হিজাব উপহার দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ, নতুন কলা ও সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির ক্যান্টিনে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ফিমেল জোন করা হয়েছে। আইন অনুষদে ফিমেল কমনরুম চালু করা হয়েছে। পাশাপাশি জীববিজ্ঞান অনুষদের কমনরুম সংস্কার করে সেখানে ইনডোর গেমসের ব্যবস্থা করা হয়েছে। বিবিএ ও সমাজবিজ্ঞান অনুষদের নামাজরুমও সংস্কার করা হয়েছে। বিভিন্ন ছাত্রী হলে সিরাত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে।

চলমান ৬ কার্যক্রম
চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের আরও ছয়টি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানা গেছে। এরমধ্যে রয়েছে ছাত্রী হল এলাকায় জিমনেশিয়ামের ব্যবস্থা, বিভিন্ন ছাত্রী হলের ব্যবহৃত ও খাওয়ার পানির গুণগত মান পরীক্ষা, মাতৃত্বকালীন ছুটির প্রস্তাবনা, মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার এবং মাসিক বা মেনস্ট্রুয়াল স্বাস্থ্যবিষয়ক সেমিনার আয়োজন।

আরও দেখুন: যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্ছেন যবিপ্রবির শাওন

এ ছাড়া দুটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদান কার্যক্রম এখনও বাকি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ছাত্রীকল্যাণ বিভাগের এসব কার্যক্রমের মাধ্যমে আবাসিক হল, একাডেমিক পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা ও দৈনন্দিন সুযোগ-সুবিধার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। চলমান কার্যক্রমগুলো সম্পন্ন হলে ছাত্রীদের কল্যাণে আরও কিছু সুবিধা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছাত্রীকল্যাণ বিভাগের কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘আমাদের ফ্যাকাল্টিতে ফিমেল কর্নার রয়েছে, যেটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে আমার মনে হয়, ছাত্রীকল্যাণ বিভাগের বেশিরভাগ কার্যক্রমই আবাসিক ছাত্রীদের কেন্দ্র করে পরিচালিত হয়, অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বড় একটি অংশ অনাবাসিক। সে জায়গায় অনাবাসিক ছাত্রীদের বিষয়েও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফ্রি মেডিকেল ক্যাম্পটি ভালো উদ্যোগ ছিল। সব মিলিয়ে ছাত্রীকল্যাণ বিভাগের কার্যক্রমকে আমি মোটামুটি ভালো বলব।’

চাকসুর সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই ইশতেহার অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। শতভাগ ইশতেহার বাস্তবায়ন সম্ভব না হলেও, যেসব উদ্যোগ নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ সেগুলো ছাত্রীদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এবং তারা উপকৃত হয়েছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প, আত্মরক্ষা প্রশিক্ষণ, চাকরির প্রস্তুতিমূলক বই বিতরণ, ফ্যাকাল্টিগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কমনরুম সংস্কার ও প্রত্যেক হলে ফ্রিজ দেওয়ার উদ্যোগগুলোতে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। পাশাপাশি যেকোনো প্রয়োজনে ছাত্রীদের পাশে থাকার এবং তাদের সমস্যাগুলোতে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি।’

চাকসুর ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, ‘আমরা নির্বাচনের আগে নারী শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশার কথা জেনেছি এবং কি কি ঘাটতি আছে নিজেরা খোঁজ খবর নিয়ে সে অনুযায়ী আমাদের ইশতেহার দিয়েছিলাম। ইশতেহারের প্রায় ৮০ শতাংশ পূরণ করেছি এবং বাকিগুলোও পূরণ করার প্রক্রিয়ায় আছে। আমাদের শিক্ষার্থী বোনেরা যেকোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের সীমিত বাজেট এবং অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও যতটুকু করেছি এবং করে যাচ্ছি শিক্ষার্থীরা আশা করি সন্তুষ্ট থাকবেন।’

স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬