ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি © সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি’র (ডিসিইউজেএ)- এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। আগামী ৩ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (৩০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।
নির্বাচনে মো. আতিক হাসান শুভ ৮ ভোট পেয়ে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ বিন নূর পেয়েছেন ৬ ভোট। অন্যদিকে সদস্য সচিব পদে ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্মৃতি আক্তার, যেখানে তার প্রতিদ্বন্দ্বী এইচ এম মাহিন পেয়েছেন ৬ ভোট।
কমিটির অন্যান্য পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর (স্টার নিউজ), তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ (এশিয়া পোস্ট), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (দৈনিক গনকণ্ঠ) ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোছা. ফেরদৌসী আক্তার জিন্নাত (এশিয়া পোস্ট)।
এছাড়া কমিটির সদস্যরা হলেন— কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান (স্টার নিউজ), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন (নাগরিক টিভি), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম (এশিয়া পোস্ট), ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব ফারজানা আক্তার (দৈনিক গনকণ্ঠ) ও ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন (ডেইলি আমার সংবাদ)।
এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সাংবাদিক সমিতি কীভাবে গঠন করা যায় সেটা নিয়ে কাজ করবে। আগামী ৩ মাসের মধ্যে সবার পরামর্শের ভিত্তিতে একটি গঠনতন্ত্র প্রণয়ন, ৭ কলেজের পেশাদার সাংবাদিকদের সমিতিতে যুক্ত করা, উপদেষ্টা প্যানেল গঠন করা, এবং সবশেষে নির্বাচন কমিশন গঠন করবে এই কমিটি। নির্বাচন কমিশন নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।