শিক্ষার্থীকে পুরস্কার তুলে দিচ্ছেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইনসহ অন্য শিক্ষকরা © টিডিসি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ১৪৪৮ হিজরীর আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক মো. ছফিউল্যাহ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ফাতেমা পারভীন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন, দর্শন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আতিকুর রহমান।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের আহ্বান জানান।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ছিল পবিত্র কুরআন তেলাওয়াত (সূরা আদ-দোহা), হামদ, নাত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক স্বরচিত কবিতা আবৃত্তি, জীবনীভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতা।
এ সময় রসায়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।