বিজয়-২৪ হলের টিভি রুমে মতবিনিময় সভা © টিডিসি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে সিট বণ্টনের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। ডাইনিং, ওয়াশরুম ও শৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যার পাশাপাশি সিট বণ্টন ও অনিয়মিত শিক্ষার্থীদের অবস্থানের বিষয়টি আলোচনায় আনার দাবি জানান তারা।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টায় হলের টিভি রুমে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
হল কর্তৃপক্ষের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, হল প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান ও হলের হাউজ টিউটর এবং হলের আবাসিক শিক্ষার্থীরা ।
সভায় হলের ডাইনিং ব্যবস্থাপনা, ওয়াশরুমের সমস্যা, শৃঙ্খলা ও আবাসিক পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে হলের সার্বিক বিষয়ে মতামত নেওয়া হয়। সভায় উপাচার্য দুটি বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। এগুলো হলো হলের খাবারের মান ও ডাইনিং ব্যবস্থাপনা এবং ওয়াশরুমের সমস্যা। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
তবে মতবিনিময় সভায় শিক্ষার্থীরা হলে সিটবন্টন ও অনিয়মিত শিক্ষার্থীদের অবস্থানের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলে উপাচার্য বিষয়টি পরবর্তী সময়ে আলোচনার কথা জানান এবং আপাতত খাবার ও ওয়াশরুমের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিজয়-২৪ হলের ডাইনিংয়ে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী খেতেন। পরে সংখ্যাটি ৩০০ থেকে ৩৫০ জনে থাকলেও গত দু-তিন মাসে তা কমে প্রায় ১৫০ থেকে ২০০ জনে নেমে আসে। তাই ডাইনিংয়ের উন্নয়নসহ হলের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও শৃঙ্খলা নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।’
তিনি আরও বলেন, ‘সবকিছু মিলিয়ে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তাদের হলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা এবং তাদের সঙ্গে মতবিনিময় করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল। একই সঙ্গে আমার দায়িত্বের মেয়াদও শেষের দিকে, তাই দায়িত্ব হস্তান্তরের আগে হলের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের একটি ভিত্তি তৈরি করাও এ আয়োজনের উদ্দেশ্য।’