© টিডিসি ফটো
লোকপ্রশাসন বিভাগকে সরকারী কলেজসমুহে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করে বিসিএস শিক্ষা ক্যাডার চালুর দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন পরিবারের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ এ কর্মসূচি পালন করে। বিভাগটির সকল শিক্ষক-শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাল্গুনী হাকিম হিমু বলেন ‘লোকপ্রশাসন বিষয় সম্পর্কে অনেকেরই ধারণা নেই। যদি কলেজগুলোতে লোকপ্রশাসন বিষয়টি পড়ানো হয়, তবে বাংলাদেশের প্রশাসন সম্পর্কে সকলের একটা ধারণা থাকবে।’
তিনি বলেন, ‘লোকপ্রশাসনের শিক্ষার্থীরাও স্নাতক সম্পন্ন করে বিসিএস শিক্ষা ক্যাডারে অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য লোকপ্রশাসন বিভাগকে সরকারী কলেজগুলোতে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তরের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বিতান খানম বলেন, ‘লোকপ্রশাসন বিভাগকে সরকারি কলেজে অন্তর্ভুক্ত করা ছিলো আমাদের অনেক পূর্বের ইচ্ছা। সেই ইচ্ছাকে পূরণ করার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই মানববন্ধনের আয়োজন করি, যাতে লোকপ্রশাসন বিভাগ সরকারি কলেজে অন্তর্ভুক্ত করা হয়। এতে আমাদের শিক্ষার্থীরাও সুবিধাটা পাবে।’