বরিশাল বিশ্ববিদ্যালয়। © ফাইল ফটো
উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ১২দিন আন্দোলনের পর কর্মসূচি স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। একই সঙ্গে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সার্কিট হাউসে বরিশালের প্রশাসন, শিক্ষক, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের রুদ্ধদ্বার আলোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আন্দোলনরত ছাত্র নেতা সিফাত জানিয়েছেন, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের চলমান সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের সঙ্গে একমত হয়েছি আমরা। তাই মিটিংয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বৈঠকে শিক্ষার্থীরা যে ২২ দফা দাবির কথা বলে আসছিল তা মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
তিনি আরো বলেন, বৈঠক থেকে ভিসি ইমামুল হককে ছুটিতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হবে। পরবর্তী সিদ্ধান্ত তিনিই গ্রহণ করবেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শিক্ষাবিদ প্রফেসর হানিফ, বিএমপি কমিশনার মোশারফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজনে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর কারণে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়া হলে আন্দোলন আরও বেগবান হয়। এর জের ধরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এরপরও শিক্ষার্থীদের চালিয়ে নেয়া টানা ১২ দিনের আন্দোলনের পর শনিবার বরিশালের জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।