উপস্থিত সকল শিক্ষার্থী © টিডিসি ফটো
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি চর্চাকারী সংগঠন কণ্ঠস্বর আবৃত্তি দলের আয়োজনে ‘অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক নুরুন্নবি সুমন এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান নবীন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাখাওয়াত হোসেন অপূর্ব, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। অংশগ্রহণকারীরা বিভিন্ন কবির লেখা কবিতা আবৃত্তি করে। এতে প্রথম স্থান অর্জন করে গণিত বিভাগের ধ্রুব ব্যাপারী। যৌথভাবে ২য় স্থান অর্জন করে ইসমাঈল হোসেন ইমন (গণিত বিভাগ) এবং এইচ.এস হৃদয় আলম উল্লাস (স্থাপত্য বিভাগ)। ৩য় স্থান অর্জন করে আঞ্জুমানয়ারা রিয়া (অর্থনীতি বিভাগ)। যৌথভাবে ৪র্থ স্থান অর্জন করে সানজিদা নাসরিন (পরিসংখ্যান বিভাগ) এবং আলমাছুর রহমান অয়ন (বাংলা বিভাগ)। যৌথভাবে ৫ম স্থান অর্জন করেছেন বুলবুল ইসলাম শান্ত (বাংলা বিভাগ) এবং শান্ত রায় (বাংলা বিভাগ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান। তিনি বলেন, কণ্ঠস্বরের দ্বিতীয় আবর্ত চলছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কিছু ভালো আবৃত্তি শিল্পী কে খুঁজে বের করা এবং নবীনদের আবৃত্তি চর্চার প্রতি উৎসাহিত করা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রহমতুল্লাহ এবং সঞ্চিতা রাণী। বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করেন। কণ্ঠস্বর আবৃত্তি দল প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতা’র আয়োজন করে থাকে।