হাসপাতালে মো. আল-আমীন © টিডিসি ফটো
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) টানা ছয়দিন ধরে চলমান ছাত্র আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন এক শিক্ষার্থী। রবিবার দুপুরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আল-আমীন অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার সকালে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও মৌনমিছিল বের করে শিক্ষার্থীরা। মৌনমিছিল শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিজ তলায় অবস্থান নেয়। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. আল-আমীন। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসারত রয়েছেন।
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমরা অসুস্থ আল-আমীনকে হাসপাতালে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সুবিধা চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অ্যাম্বুলেন্স দিতে সরাসরি প্রত্যাখ্যান করেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরেক শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কাজ চরম অমানবিক, খামখেয়ালী পূর্ণ।
এ বিষয়ে প্রক্টর সুব্রত কুমার দাসকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় উপাচার্য ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।