© টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে চার হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে গত ১০ মার্চ ঘটনা ঘটলেও বুধবার বিকেলে তা জানাজানি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. জাকির রেদওয়ান বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যলয় ছাত্রলীগেসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ও সহ-সম্পাদক সাফি। তারা দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমার এক বান্ধবীর সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি ক্যাম্পাসের এক বড় ভাইকে জানাই। পরে ঘটনাটি ছাত্রলীগ নেতা সাফি ও মিশু জানতে পেরে আমাকে ডেকে নিয়ে যায়। এবং বিষয়টি সমাধান করে দিবে বলে আমার কাছ থেকে পনের হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর তাদেরকে আমি ৪ হাজার টাকা দেই। কিন্তু পুরো টাকা না দেওয়ায় তারা আমাকে বারবার ফোন করে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। এমনকি এ ঘটনা কাউকে জানালে আমাকে দেখে নেওয়া হবে বলে হুমকিও দেন।
তবে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু ‘চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, আরবি বিভাগের সেক্রেটারি লিখন আমাকে জাকিরের সাথে একটি মেয়ের ঝামেলার বিষয়টি জানায়। আমি ঐ ছেলেটাকে ডেকে বুঝাইলাম যে তুমি যে কাজটা করেছো তাতে তোমার ছাত্রত্ব চলে যেতে পারে। ভুলেও আর এ কাজ করো না তার পরে আমি সেখান থেকে চলে এসেছি। কিন্তু সেখানে সাফি এবং লিখন ছিল তারা কি করেছে আমি বলতে পারলাম না।’
এর আগেও গত বছরের ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে বিশ হাজার টাকা চাঁদাবাজি করে সাফি। এরপর গত ০৬ ফেব্রুয়ারি রাতে একই বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী আখ্যা দিয়ে দশ হাজার টাকা চাঁদাবাজি সাফিসহ চার ছাত্রলীগ নেতা।
এদিকে সাফিও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেছেন। সাফি বলেন ‘এ ঘটনায় আমি জাড়িত না লিখন নামের একজন জড়িত।’ তবে লিখনও বিষয়টি অস্বীকার করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি নিয়ে আমি সাফি এবং মিশুর সাথে কথা বলেছি তারা চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেছে। চার হাজার টাকার বিষয়ে জানতে চাইলে তিনি আলো বরেন, এবিষয়ে আরো ভাল করে খোঁজ-খবর নিয়ে মিমাংসা করা হবে।’