চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নারী দিবস © এ এইচ আজহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নিচ তলায় এ আয়োজনের উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. আওরঙ্গজেব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্সে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুলতান আহমেদ।
নারী দিবস উদযাপনে এদিন বিভাগের শিক্ষার্থীরা সাতটি স্টল নিয়ে বসে। সকাল থেকে স্টলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এসময় স্টলগুলো মেয়েদের সাজসরঞ্জাম সামগ্রী এবং বিভিন্ন লেখকের গল্প কবিতার বই দ্বারা সাজিয়ে রাখতে দেখা যায়।
আয়োজনের বিষয়ে জানতে চাইলে ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাবিহা রহমান সুস্মিতা বলেন, গত ৮মার্চ বিশ্ব নারী দিবস ছিলো। কিন্তু সেদিন শুক্রবার হওয়ায় আমরা আয়োজনটা করতে পারিনি। তাই দুইদিন পর অর্থাৎ আজকে এ অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আমাদের সাতটি স্টল রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে প্রকাশিত গল্প কবিতার বই সংরক্ষণ করেছি। পাশাপাশি নারী দিবসের আয়োজন যেহেতু, সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন ছাত্রীদের জন্য কসমেটিকস দিয়ে স্টলগুলোকে সাজিয়েছি। শুধু এই অনুষদের শিক্ষার্থীরাই নয়, সবাই আয়োজনটা বেশ উপভোগ করেছে বলেও জানান সুস্মিতা।