মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ © মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চতুর্থবারের মত দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা চিরায়তবাঙলা’ লেখক-পাঠক-সম্পাদক বৈশ্বিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলাভবনের সামনে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
উদ্বোধন শেষে ‘চিহ্নমেলা চিরায়তবাঙলা-১৯’ এর ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে সাহিত্যবিষয়ক ভারতের ৩০টি ও বাংলাদেশের ৯৫টি ছোটকাগজ ও পত্রিকার কর্মী-সম্পাদক, লেখক-পাঠক অংশ নেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে ‘ডিজিটাল বাংলাদেশে বাঙালি জীবনের সাহিত্য’ বিষয়ে কথা বলেন প্রভাত চৌধুরী, সনৎকুমার সাহা, জুলফিকার মতিন, মহীবুল আজিজ, প্রবালকুমার বসু, ইমানুল হক, কানাই সেন ও সোয়েব শাহরিয়ার প্রমুখ।
বর্ণালী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ছোট প্রকাশনার সম্ভাবনা ও সমস্যা’ নিয়ে কথা বলেন, রাখাল রাহা, মনিরুল মুনির, মনজুর রহমান, অলোক বিশ্বাস, সৌভিক দে সরকার, কাজী মামুন হায়দার রানা। অন্যদিকে বিকেল ৪টায় ‘কবির প্যাথোস ও আজকের কবিতা’ বিষয়ে কথা বলেন, শোয়েব শাহরিয়ার, সরকার মাসুদ, কুমার দীপ, বদরুল হায়দার, তারেক রেজা প্রমুখ।
মঙ্গলবার মেলার সমাপনি দিনে চিহ্নমেলার বিশেষত্ব হিসেবে সৃজনশীল ও মননশীল শাখায় প্রান্তিক দু’জন লেখক-সাহিত্যিকসহ দুই বাংলার ৮টি ছোটকাগজকে সম্মননা প্রদান করা হবে। এরমধ্যে ভারতের ৩টি ও বাংলাদেশের ৫টি ছোটকাগজ থাকবেও বলে জানা যায়। মেলার পর্দা নামবে ১২ মার্চ মঙ্গলবার।