চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন (২৩) নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া কয়ারবিল এলাকার মফজল মিয়ার ছেলে।
‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় শ্যামল দে নামে আরেক আসামি গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পু্লিশ। শ্যামল দে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া কালিপাহাড় এলাকার হরি কুমার দে’র ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি তারা এক মাদ্রাসাছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরদিন আবার তাদের কথামতো জায়গায় থাকতে বলে। এরপর ছাত্রীকে ছেড়ে দেয়। ওই ছাত্রী বাসায় এসে ঘটনাটি তার ভাইকে জানায়। ভাই বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশের আশ্বাসে ওই ছাত্রী ধর্ষকদের কথামতো গতকাল সোমবার নির্দিষ্ট স্থানে থাকে। ওই ছাত্রীকে গাড়িতে তোলার সময় পুলিশ সদস্যরা সেখানে হানা দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। শ্যামল দে নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’