© ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহযোগিতায় সারা দেশের আইনের শিক্ষার্থীদের জন্য ল’ ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক সংগঠন ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস্ ( নীলস) এর বাংলাদেশ চ্যাপ্টার এই কর্মশালার আয়োজন করছে।
আগামী ১৫ই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান আইন অনুষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও তথ্য জানবেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থাকবেন আইন অঙ্গনে সফল ব্যক্তিরা। তাঁরা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখবেন ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
প্রসঙ্গত, গত বছর ৫ই জানুয়ারি নীলস দেশ জুড়ে সাড়া জাগানো পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রথমবারের মত ‘ক্যারিয়ার অপরচুনিটি: ওয়ে টু থ্রাইভিং লিগ্যাল ইন্ডাস্ট্রি’ শিরোনামে কর্মশালায় আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মো. মাসদার হোসেন, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুমা জামান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন বিভাগের সভাপতি ক্রিশ্চিন রিচার্ডসন।