বেরোবি শিক্ষক সমিতি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীর অভাবে প্যানেল দিতে পারেনি আওয়ামীপন্থী একাংশ শিক্ষকদের সংগঠন নীলদল। তাদের দাবি কৌশলগত কারণে নির্বাচন করতে রাজী নয় তারা। তবে বিচ্ছিন্নভাবে দলটির সাবেক সাধারণ সম্পাদক একাই দুইটি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, আওয়ামীপন্থী শিক্ষকদের একটি সংগঠন থাকা সত্ত্বেও সাবেক উপাচার্য নুর-উন-নবীর আমলে জন্ম নেয় নীলদল। এবার সদস্যদের সক্রিয়তা না থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না। সাবেক উপাচার্যের আমলে তারা সক্রিয় থাকলেও বর্তমান উপাচার্যের আমলে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন নীলদলে থাকা শিক্ষকেরা। এখন তারা অস্তিত্ব সংকটে। তাদের প্রয়োজনীয় সংখ্যক সদস্য নেই বললেও চলে। তবে নীলদলের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী একাই সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন কিনেছেন।
এ বিষয়ে সাব্বির আহমেদ চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধু পরিষদের সাথে মিলে একাই দুই পদের জন্য মনোনয়ন কিনেছি। আগামী ১৫ জানুয়ারিতে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকের সাথে কথা বলে একটি পদের জন্য সিদ্ধান্ত নেব।
নীলদল থেকে কেন মনোনয়নপত্র সংগ্রহ করা হলো না এমন প্রশ্নে নীলদলের সভাপতি এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ কৌশলগত কারণে নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানান। তবে কেউ যদি ফরম জমা দিয়ে থাকে তবে তিনি ব্যক্তিগতভাবেই দিয়েছেন। দলের পক্ষ থেকে কাউকে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এদিকে, শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে আজ রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আওয়ামীপন্থী শিক্ষকদের বৃহৎ সংগঠন প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে সবগুলো পদের জন্যই মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে বিভিন্ন পদে একাধিক মনোনয়ন পত্র সংগ্রহ করায় আগামী ১৫ জানুয়ারি মূল প্যানেল ঘোষণা করবেন বলে জানা গেছে।
প্রগতিশীলের আহ্বায়ক অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, আমরা যথাযথ নিয়মেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোন কোন পদে একাধিক ফরম তোলা হয়েছে। পরবর্তীতে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী মূল প্যানেল ঘোষণা করবো।