© টিডিসি ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে এটি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
অনুষ্ঠানে উপস্থিতি অতিথিবৃন্দ বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, স্বর্ণ পদক এবং চেক তুলে দেন। এর আগে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়মিত লেখা-পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপাচার্য জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সৃষ্টিশীল পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এ. সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বি.কে বালা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, ইটিই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, এসিসিই বিভাগের সভাপতি ড. মো. কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ঈশিতা রায়, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকবৃন্দ, উপস্থিত ছিলেন।