অধ্যাপক মুহাম্মদ আমির হোসাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আমির হোসাইন চবির আরবি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর গবেষণা কর্মের শিরোনাম ছিল ‘ফী যিলালিল কুরআনের আলোকে ইসলামী সমাজের প্রকৃতি ও মূলনীতি’।
সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫১৯তম সিন্ডিকেটে তাঁর এ ডিগ্রি অনুমোদিত হয়। তার পিইচডি ডিগ্রির তত্ত্বাবধায়ক ছিলেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ স ম আবদুল মান্নান চৌধুরী।
জানা যায়, মুহাম্মদ আমির হোসাইন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়নের মহেষ খালীয়া পাড়া গ্রামের আহমদ হোসাইন ও মিসেস মাবিয়া খাতুনের প্রথম সন্তান এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিনের স্বামী।
উল্লেখ্য, আমির হোসেন ১৯৯০ সালের বিএ (অনার্স) পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় ইউজিসি স্কলারশিপ, ১৯৯১ সালের এমএ পরীক্ষায় চবির সকল অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ‘গুলমেহের স্বর্ণপদক’ এবং ২০০৭ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ পরীক্ষায় ১ম স্থান অধিকার করে ‘ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক’ লাভ করেন।