© লোগো
নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি কলেজের অবসরে যাওয়া শিক্ষক সাখাওয়াৎ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তার বেতনও।
সদ্য সরকারি হওয়া সৈয়দপুর কলেজে খণ্ডকালীন শিক্ষক সাখাওয়াৎ হোসেন। তিনি অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন বলে মাউশি জানতে পেরে গত ৯ ডিসেম্বর সহকারী পরিচালক (কলেজ-২) ওই নির্দেশ দেন। এক বছর চার মাস আগে বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় ২০১৭ সালের ৩১শে আগস্ট সহকারী অধ্যাপক হিসেবে অবসরে যান সাখাওয়াৎ হোসেন। তিনি কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ ছিলেন না। চাকরি থাকা অবস্থায় তিনি সহকারী অধ্যাপক থাকলেও অবসরে গিয়ে হলেন অধ্যক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এ পদে একজন অবসরপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক থাকা অবৈধ। এছাড়া তিনি অধ্যক্ষ পদে না থাকায় তাকে এ অধ্যক্ষ পদে চাকরি বর্ধিতকরণের (এক্সটেনশন) কোন সুযোগ নেই। এ নিয়ে ইতোপূর্বে অভিযোগ করেছিলেন সদ্য বিলুপ্ত কলেজ পরিচালনা কমিটির (গভর্নিং বডি) ৬ জন সদস্যও। কলেজটি সরকারি হওয়ায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে অর্থনৈতিক লেনদেন পরিচালিত হয়ে আসছে।
নিয়ম অনুযায়ী অধ্যক্ষ পদে অবসরপ্রাপ্ত ও খণ্ডকালীন শিক্ষককে সরকারি বেতন দেওয়া বৈধ না। তিনি বিভিন্ন ভাতার নামে ৪০ থেকে ৪৫ হাজার টাকা নিচ্ছিলেন। গত ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত নীতিমালায় জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান বা শিক্ষক-কর্মচারীর বয়স ৬০ বছর পূর্ণ হলে কোন অবস্থাতেই চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা যাবে না বা চুক্তিভিত্তিক নিয়োগও দেয়া যাবে না।
এক সূত্র জানায়, সাখাওয়াৎ হোসেন অবসরে যাওয়ায় কলেজ থেকে তার দেনা পাওনার সকল টাকা ইতোমধ্যে তুলে নিয়েছেন। কলেজটি জাতীয়করণের তালিকায় থাকার সময় নিয়োগসহ দৈনন্দিন খরচ ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না বলে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু তা না মেনে কলেজ ভবন চুনকাম করার নামে ১২ লাখ টাকাসহ নানান খাতে টাকা ব্যয় দেখানো হয়েছে। দেওয়া হয়েছে শিক্ষক কর্মচারী নিয়োগও। এরই মধ্যে এদেরও বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, দায়িত্বে না থাকার পত্রটি আমি পেয়েছি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পুনর্বিবেচনার আবেদন করেছি। কারণ ওই নীতিমালা জারি হওয়ার আগে আমার চাকুরী বর্ধিতকরণ করা হয়েছে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া জানান, মাউশি হতে পত্র পেয়েছি। এখন আর তার (সাখাওয়াৎ হোসেন) ওই পদে থাকার কোন সুযোগ নেই।