ইবি শিক্ষক ড. এমতাজ হোসেনকে মারধরের প্রতিবাদে মানববন্ধন © টিডিসি ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেনকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মুখে কালো কাপড় বেধে এ মানববন্ধন করে তারা।
জানা যায়, সকাল ১১টার দিকে অনুষদ ভবনের সামনে মানববন্ধন শুরু হয়। শিক্ষার্থীরা মারধরের ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে চার দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে হামলাকারী মিরুকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ ও ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা।
প্রসঙ্গত, জিয়া পরিষদের কুষ্টিয়া জেলার আহবায়ক কমিটি অনুমোদনের জের ধরে গত ১২ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯ নং) ড. এমতাজ হোসেনকে মারধর করে সংস্থাপন শাখার উপ-রেজিষ্টার মানজারে আলম মিরু।
ওই ঘটনায় গত বৃহস্পতিবার মিরুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন। একইসাথে ঘটনা যাচাই বাচাইয়ের জন্য তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।