আধুনিক ভাষা ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেশনজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীরা দাবি করেন, ২৪ মাসের সেশনজটে রয়েছে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সেশন জটে রয়েছে ১৮ মাস। আবার ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়েছে ১৩ মাস করে। পাশাপাশি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৬ মাসের সেশনজটে রয়েছে।
এ সময় তারা আরও বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে আমরা বিভাগের শিক্ষকদের সঙ্গে কোনও কথা বলতে পারি না। এমনকি আমরা মানববন্ধন করতে চাইলে বিভাগের শিক্ষকরা আমাদের নানা ভাবে হুমকি প্রদান করেছেন।
এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক সাবরিনা ইসলাম সুইটি বলেন, ‘অন্যান্য বিভাগে মাত্র দুটি প্রোগ্রাম চালু থাকলেও আমাদের ইনস্টিটিউটে বর্তমানে চলামান আছে ১৬টি প্রোগ্রাম। আর শ্রেণীকক্ষ রয়েছে মাত্র একটি। বিভাগের শিক্ষকদেরও বসার মতো কোনও জায়গা নেই। লোকবল সংকট তো আর নাই বললাম। এতসব সমস্যার মধ্যে ইনস্টিটিউটের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টকর।’
তিনি আরও বলেন, ‘এই ইনস্টিটিউটের প্রতিটি শিক্ষক সেশনজট নিরসনের ব্যাপারে আন্তরিক। এই সেশনজট নিরসনে সকল শিক্ষক কাজও করে যাচ্ছেন।’