রাবির ব্যবসায় শিক্ষা অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়। © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষক সংখ্যা প্রায় শতাধিক। তবে বিশ্ববিদ্যালয়টির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, গবেষণার সাথে যুক্ত এই অনুষদের মাত্র সাত শতাংশ শিক্ষক। বাকিরা ওই এক বছরে কোন গবেষণার সাথে সম্পৃক্ত হননি। সংশ্লিষ্টরা বলছেন, গবেষণা ছাড়া অন্য ক্ষেত্রে শিক্ষকদের কাজের সুযোগ বাড়ায়, তুলনামূলক বেশি সুবিধা পাওয়ায় অনেকটা অনিহা চলে এসেছে গবেষণার প্রতি। গবেষণা না করা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির মধ্যে চলে এসেছেও বলে দাবি করছেন অনেকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ফাইন্যান্স বিভাগ, মার্কেটিং বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, ব্যাকিং ও ইন্সুরেন্স বিভাগসহ ৫ টি বিভাগে পাঠদান চলছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুযায়ি, এই অনুষদের মার্কেটিং বিভাগের ৭ জন শিক্ষকের যৌথভাবে ৪ টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তবে বাকি ৪ টি বিভাগের কোন শিক্ষকের প্রকাশনা বা গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়নি। ৫ টি বিভাগে শিক্ষক সংখ্যা প্রায় ১০০জন। এই হিসাবে ওই শিক্ষাবছরে মাত্র ৭ শতাংশ শিক্ষক গবেষণার সাথে যুক্ত থেকেছেন। একই অবস্থা ২০১৪-১৫ শিক্ষাবর্ষেও। ওই শিক্ষাবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ি, ৫টি বিভাগের কোন শিক্ষকেরই গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়নি।
এ প্রসঙ্গে শিক্ষকদের দাবি, বার্ষিক প্রতিবেদনে সঠিক তথ্যের আকার প্রতিফলিত হয় না। অধিকাংশ ক্ষেত্রেই গবেষণা জমা হয় না। তাই প্রকাশিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারছে না।
মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু বলেন, ‘‘প্রথম কথা হলো প্রণোদনা নেই। বাজেট কম। আরেকটা বিষয় হলো বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা সমানতালে চলার কথা থাকলেও এখানে অনেক শিক্ষকই শিক্ষকতাকে মুখ্য করে দেখেন, ক্লাসরুমে শিক্ষাদানে শিক্ষকদের অনুরাগ রয়েছে।’’
‘‘বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান অনুষদের মতো এই অনুষদে গবেষণার সেই সংস্কৃতি জনপ্রিয় হয়নি। তবে এই গবেষণা পার্থক্য কমে এসেছে। অনেকেরই একাধিক গবেষণা পাবলিকেশন হয়েছে। শিক্ষকরা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, শিক্ষার্থীদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অদূর ভবিষ্যতে আশানুরূপ পরিবর্তন আসবে বলে মনে করছি।’’ বলেন ড. আজম।
অনুষদ অধিকর্তা ড. হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায় শিক্ষা অনুষদে তুলনামূলক গবেষণা কম হচ্ছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠকেও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এটা আমরাও স্বীকার করি।
‘ব্যবসায় শিক্ষার শিক্ষকদের কাজের অন্য ক্ষেত্রগুলো থেকে বেশি সুবিধা পাওয়ায় গবেষণার প্রতি এক ধরনের অনিহা বা সময় না দেওয়ার বিষয়টি চলে আসে বলে মন্তব্য করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বাধ্যবাধকতা আরোপ করে তাহলে গবেষণার পরিমাণ বাড়বে’ এমন আশা ব্যক্ত করেন ড. হুমায়ুন কবীর।