ইবির স্নাতক ভর্তি
ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। মেধাতালিকার ভর্তি শেষে বিভিন্ন বিভাগে আরও ৬৩১টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসন পূরণে অপেক্ষমানদের সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকার আগামীকাল রবিবার থেকে শুরু হবে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডিমিক শাখার পরিচালক এ টি এম এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
ইবির একাডেমিক শাখা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলে ৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ইবির পাঁচটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের দুই হাজার ২৭৫ টি আসনের মধ্যে মেধাতালিকা হতে ভর্তি হয়েছেন এক হাজার ৬৪৪ জন শিক্ষার্থী। ভর্তি শেষে বিভিন্ন বিভাগে এখনো আসন ফাঁকা রয়েছে ৬৩১টি।
এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের মধ্যে ১৮টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ৩৫টি আসনের মধ্যে ২৫৬টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ১১২টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৪৫টি ফাঁকা রয়েছে।
এ দিকে মেধাতালিকা হতে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করেছে স্ব স্ব ইউনিট সমন্বয়কারীরা।
সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। এই ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ২৩ ডিসেম্বরের মধ্যে।
এছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের সক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। ওইদিন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটেরও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।