ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহারের অভিযোগ জাবি শিক্ষকের বিরুদ্ধে

০৫ ডিসেম্বর ২০১৮, ০৬:১৪ PM

© ফাইল ফটো

‘নিয়ম লঙ্ঘন’ করে ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয়ের দুইটি গাড়ি ব্যবহার এবং ড্রাইভার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পবিরহবন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদারের বিরুদ্ধে।  এমনকি ব্যক্তিগত কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানী ও মেরামতে ব্যয় করা অর্থও পরিশোধ করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কোষাগার থেকে।  যদিও নানা অনিয়মে অভিযুক্ত এ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্লিপ্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় ও কোষাধ্যক্ষ সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুবিধা পান।  তাদের ব্যবহৃত গাড়ির জ্বালানী ও মেরামতের জন্য বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে অর্থ  বরাদ্দও দেয়া হয়।  এর বাইরে অন্য কোন শিক্ষকের জন্য সার্বক্ষণিক গাড়ি সুবিধা নেই।  যদিও পরিবহন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আজম ক্ষমতার অপব্যবহার করে দুটি গাড়ি সার্বক্ষণিক ব্যবহার করছেন।  

অনুসন্ধানে জানা যায়, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যাপক আজম ঢাকা মেট্রো গ-৩১-০০৫৫ ও ঢাকা মেট্রো চ-৫৬-৩৩১৬ নম্বরের দুটি গাড়ি নিয়মিত ব্যবহার করছেন।  এরমধ্যে চ-৫৬-৩৩১৬ গাড়িটি কেনার পরে পরিবহন পুলে যুক্ত না করেই তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব গাড়িতে করে ঘুরতে দেখা গেছে অভিযুক্ত এ শিক্ষককে।  প্রায় সময় গভীর রাত পর্যন্ত এ শিক্ষকের বাসার সামনে গাড়িগুলো পার্কিং অবস্থায় দেখা যায়।   

পরিবহন কার্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক আজমের দখলে থাকা গাড়ি দুটি রিকুইজিশনের ভিত্তিতে বিশ্ববিদ্যলয় শিক্ষকদের ব্যবহার করার কথা।  পরিবহন সংকটের কারণে অনেক সময় রিকুইজিশন দিয়েও গাড়ি ব্যবহারের সুযোগ পান না শিক্ষকরা।  সেখানে শিক্ষকদের রিকুইজিশন না দিয়ে অবৈধভাবে একাই দুটি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন অধ্যাপক আজম। এছাড়া দুটি গাড়ি চালাতে মেকানিক হেলপার আশরাফুল ইসলাম রাসেলকে ড্রাইভার হিসেবে ব্যবহার করা হচ্ছে।  এতে পরিবহন বিভাগের মেকানিক্যাল কাজেও জনবল সংকটের সৃষ্টি হয়েছে।  

কয়েকটি ফিলিং স্টেশনের বিল সূত্রে জানা যায়, জুন মাসে ০০৫৫ নম্বর গাড়িতে জ্বালানী বাবদ ২১ হাজার ৬৫৫ টাকা বিল আসে। একইভাবে জুলাই মাসে ০০৫৫ নম্বর গাড়িতে ২১ হাজার ৪৮২ টাকা, আগস্টে ০০৫৫ নম্বর গাড়িতে ১৬ হাজার ৯৮২ টাকা এবং ৩৩১৬ নম্বর গাড়িতে ৪ হাজার ২৭২ টাকা, সেপ্টেম্বরে ০০৫৫ নম্বর গাড়িতে ২২ হাজার ৮৪৯ টাকা এবং ৩৩১৬ নম্বর গাড়িতে ৪ হাজার ৯৮৪ টাকা, অক্টোবর মাসে ০০৫৫ নম্বর গাড়িতে ৫ হাজার ৯০৭ টাকা বিল পরিশোধ করা হয়। 

এদিকে পরিবহন কার্যালয়ের  ড্রাইভার নিয়োগেও অনিয়মের অভিযোগ রয়েছে অধ্যাপক আজমের বিরুদ্ধে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন কার্যালয়ে প্রথমে ৩টি ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায়। পরবর্তীতে নতুন গাড়ি ক্রয় করায় নভেম্বরে তিনটি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ ডিসেম্বর আবেদন গ্রহনের শেষ তারিখ। অথচ বিজ্ঞাপন অনুযায়ী নিয়োগ সম্পন্ন না করেই মাস্টাররোলে ড্রাইভার পদে সুজন কুমার সরকার ও মো. উজ্জ্বল আলীকে নিয়োগ দিয়েছেন অধ্যাপক আলী আজম।  যদিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট পদে বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে মাস্টার রোলে নিয়োগ প্রদান করা অবৈধ।  কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই মাস্টাররোলে নিয়োগ দিচ্ছেন তিনি।

এদিকে একটি শূন্য মেকানিক পদকে স্টোর কিপার পদে রুপান্তর করে মাস্টাররোলে মাসুল বিল্লাহকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। পরিবহনের মেকানিক সংকট থাকা সত্ত্বেও মেকানিক হেলপার আশরাফুল ইসলাম রাসেলকে সার্বক্ষণিক ব্যক্তিগত কাজে ড্রাইভার হিসেবে ব্যবহার করছেন অধ্যাপক আলী আজম।

পরিবহন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে রাজধানীর শ্যামলী হতে ক্যাম্পাসমুখী শিক্ষকদের বাস ট্রিপ মিস করায় একটি মাইক্রোবাস ভাড়া করে ক্যাম্পাসে আসেন তিনি। পরে পরিবহন কার্যালয় হতে নগদ ২ হাজার ৬০০ টাকা পরিশোধ করেন।  যা নিয়ম বহির্ভূত।  কেননা কোন বাস ট্রিপ ফেল করলে তার ব্যক্তিগতভাবে অর্থ পরিশোধ করার কথা। 

অভিযোগের বিষয়ে অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘গাড়ি দুইটার মধ্য একটা আমি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহার করছি আর অন্যটা এখনো পরিবহনপুলে যুক্ত করা হয়নি।  তবে যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য মাঝে মাঝে বিশ্বিবিদ্যালয়ের ও রাষ্ট্রীয় কাজে গাড়িটি চালানো হয়।’

পরিবহন কার্যালয় থেকে নগদ টাকা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী গাড়ির ট্রিপ মিস করলে বাইরের গাড়িতে আসা যায় এর জন্য বিশ্ববিদ্যালয় তিন হাজার টাকা ভাড়া বাবদ দিয়ে থাকে।  আমি তো এক্ষেত্রে আরো চারশত টাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়ে দিয়েছি।’

এছাড়া মাস্টার রোলে নিয়োগের ব্যাপারে বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই ২জনকে মাস্টার রোলে নিয়োগ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘আমি জানি না তিনি এভাবে গাড়ি ব্যাবহার করছেন কিনা।  তবে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোন নীতিমালা নেই।  কোন শিক্ষক গাড়ির ট্রিপ মিস করলে তার জন্য বিশ্ববিদ্যালয় তহবিল থেকে টাকা দেওয়ার কোন নিয়ম নেই।  কেউ যদি ক্ষমতা ব্যবহার করে টাকা নিয়ে থাকে তাহলে তিনি নিয়ম লঙ্খন করেছেন।’

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950