© লোগো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল’র নাম মঙ্গলবার উপড়ে ফেলে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চবি শাখা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আইনুল হোসেন সাগরের স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখা এ নিন্দা প্রকাশ করেন ।
বিবৃতিতে বলা হয়- সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, নির্বাচনী মাঠের অপরাজিত নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত ছাত্রী হলের নামফলক ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের উপড়ে ফেলা, ভাংচুর এবং নির্বাচনী মাঠের অপরাজিত তথা বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় এমন একজন নেত্রীকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিবৃতিতে শাখা সভাপতি খুরশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন - ‘সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ একের পর এক অপকর্মের দ্বারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি ছাত্র রাজনীতিকে কলুষিত করে যাচ্ছে। বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের উপর হামলা, মারামারি-খুনাখুনি, চাঁদাবাজি, ল্যাপটপ চুরি, মোবাইল-মানিব্যাগ ছিনতাই, মাদক বাণিজ্য, ভর্তি বাণিজ্যসহ এমন কোন অপকর্ম নেই যাতে তারা জড়িত নয়। তাদের এসব অপকর্ম ঢাকার জন্যেই তারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এ হীন কার্যে লিপ্ত হয়েছে। ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব অপকর্মের জবাব এই নৈরাজ্য সৃষ্টিকারীদের যথাসময়ে দেওয়া হবে। এছাড়া তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অনতিবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন। উক্ত নামফলক যথাস্থানে পুনঃস্থাপন করুন। নচেৎ উদ্ভুত পরিস্থিতির জন্যে চবি প্রশাসন দায়ী থাকবে।’