ভর্তি পরীক্ষায় ৬৫ তম স্থান অর্জন করেও অর্থের অভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না স্বপ্না আক্তার নামের এক ভর্তিচ্ছু। বাবা অসুস্থ হওয়ায় স্বপ্নার পরিবারের একমাত্র আয়ের উৎস পোশাক শ্রমিক মা খোরশেদা বেগম। তাঁর পক্ষে ভর্তির খরচ যোগান দেয়া সম্ভব না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে স্বপ্নার উচ্চশিক্ষার স্বপ্ন।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের মেয়ে স্বপ্না আক্তার। বাবা হারুন-অর রশিদ অসুস্থ হওয়ায় স্বপ্নার মা খোরশেদা বেগম গার্মেন্টসে কাজ করেন। মাত্র কয়েক শতাংশ বসত-ভিটা ছাড়া অন্য কোনও অবলম্বন নেই স্বপ্নার পরিবারের।
স্বপ্না আক্তার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে মেধা তালিকায় ৬৫তম স্থান অর্জন করেছে। পরিবারের পাঁচ সদস্যের আহার কোনও মতে যোগাড় করতে পারলেও মেয়েকে পড়ানোর সামর্থ্য গার্মেন্টস কর্মী খোরশেদা বেগমের নেই।
ভর্তি হতে মোট ১৬ থেকে ১৭ হাজার টাকার প্রয়োজন। আজ মঙ্গলবার স্বপ্না মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আগামী বৃহস্পতিবার ভর্তি হওয়ার শেষ দিন।
তবে এখনো ভর্তির টাকা যোগাড় করা সম্ভব হয়নি বলে জানান স্বপ্নার মা খোরশেদা বেগম। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পর্যন্ত টাকার ব্যবস্থা হয়নি। কেউ যদি সহযোগিতা করে তাহলে আমার মেয়ে পড়তে পারবে।