অনশনরত শিক্ষার্থীরা © টিডিসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একীভূতকরণের দাবিতে আমরণ অনশন করছে ফলিত পদার্থ বিভাগের শিক্ষার্থীরা। প্রকৌশল অনুষদের সভায় একীভূত হচ্ছে না- এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে সোমবার বেলা ১১ টা থেকে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। এরই মধ্যে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। জানা গেছে, বিভাগ একীভূত হবে কিনা- সে বিষয়ে আগামী ৫ ডিসেম্বর বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানেরও ঘোষণা দিয়েছেন। বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ বলেন, রাত দিন ২৪ ঘন্টা অবস্থান করব আমরা। তবে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন- এপিইই তৃতীয় বর্ষের রফিকুল ইসলাম, মুবিনুল ইসলাম, মধূসূদন গুপ্ত, আনিকা তাবাস্সুম, ৪র্থ বর্ষের সাবিরা খাতুন। অসুস্থ এসব শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে ছেলেদের সাথে মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি দাবি আদায় না হলে রাতেও চলবে বলে জানিয়েছেন এপিইই বিভাগের তামান্না কামাল নামের এক শিক্ষার্থী।
অন্যদিকে অনশন কর্মসূচির বিপরীত পাশেই একীভূতকরণের দাবির বিপক্ষে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচিও চলছিল।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ বলেন, এখানে আমাদের কিছু করার নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নিবেন।