৯ দফা দাবি
মৌন অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা © টিডিসি ফটো
৯ দফা দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এসব দাবি মেনে নেয়ার আশ্বস্ত করলে এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়।
বুধবার রাত ৮টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘চির উন্নত মম শির’-এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
তাদের দাবির মধ্যে ছিল-ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা; আবাসিক হলের সঠিক ব্যবস্থাপনা; অকারণে মেসের ভাড়া বৃদ্ধি না করা; শিক্ষার্থীদের অযথা হয়রানি না করা; শিক্ষা ও শিক্ষার্থীদের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ‘ছাত্র-শিক্ষক পরিষদের’ সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা; পূর্বের তৈরি করা আইন বাতিলসহ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা প্রভৃতি।
জানা গেছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় মেস মালিক সম্মিলিতভাবে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে। এ সভায় বিশ্ববিদ্যালয় প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান যে, মেয়ে শিক্ষার্থীদের রাত ৮টার মাঝে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করতে হবে এবং সাড়ে ৮টার মধ্যে মেসে প্রবেশ করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ে কোন প্রোগ্রাম থাকলে সর্বোচ্চ রাত ১০টায় মধ্যে মেসে ফিরতে হবে। তবে এ ক্ষেত্রে ওই মেয়ে শিক্ষার্থীকে বিভাগের প্রধানের অনুমতিপত্র সাথে রাখতে হবে। এসব সিদ্ধান্ত প্রত্যাখান করে বুধবার শিক্ষার্থীরা নয় দফা দাবি মেনে নিতে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের কর্মসূচির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন আইন বাতিল ঘোষণা করে পূর্বের নিয়ম বহাল রাখবে প্রশাসন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সব সময় তৎপর রয়েছে প্রশাসন। যেকোন সমস্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে নেয়া সাপেক্ষে আন্দোলন স্থগিত করা হয়েছে।